জাবিতে আনন্দন উত্সব শুরু

আপডেট : ১৯ মার্চ ২০১৩, ২১:২৫
‘আনন্দিত হও নন্দন নন্দিনী, নন্দিত আনন্দনে’ শ্লোগানকে ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে চার দিনব্যাপী ‘আনন্দন উত্সব’। বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন ‘আনন্দন’ এই উত্সবের আয়োজন করেছে। মঙ্গলবার বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের অমর একুশের পাদদেশে উত্সবের উদ্বোধন করেন আনন্দনের উপদেষ্টা অধ্যাপক এটিএম আতিকুর রহমান। এ সময় প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মো. মনোয়ার হোসেন, ইতিহাস বিভাগের শিক্ষক মোহাম্মদ গোলাম রব্বানী, সংগঠনের সভাপতি নাজিয়া ফেরদৌস, সম্পাদক মো. মুনিরুজ্জামান উপস্থিত ছিলেন। পরে একই স্থান থেকে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ক্যাফেটেরিয়া চত্বরে এসে শেষ হয়। অনুষ্ঠানের প্রথম দিন গতকাল সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে আনন্দনের প্রযোজনায় সংগীতানুষ্ঠান ‘মানুষ ধর, মানুষ ভজো’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া মুক্তিযোদ্ধা জাকির হোসেনকে সম্মাননা দেয়া হয়। অনুষ্ঠানের দ্বিতীয় দিন আজ বুধবার রয়েছে নাট্য সংগঠন বটতলার প্রযোজনায় নাটক ‘ফণা’। কাল বৃহস্পতিবার আনন্দনের প্রযোজনায় রয়েছে আবৃত্তি অনুষ্ঠান ‘হাড়ের ও ঘরখানি’ ও নৃত্যানুষ্ঠান। উত্সবে শেষ দিন শুক্রবার রয়েছে আনন্দন পুনর্মিলনী। প্রতিটি অনুষ্ঠান সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে অনুষ্ঠিত হবে।