গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত দুই

আপডেট : ২০ মার্চ ২০১৩, ২১:১৬
গোপালগঞ্জে তেলবাহী ট্রাকের চাপায় ভ্যানচালক বাবুল খাঁ নিহত হয়েছে। গতকাল বুধবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের চরগোবরা নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনার প্রতিবাদে স্থানীয়রা সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত ঢাকা-গোপালগঞ্জ সড়ক অবরোধ করে রাখে। অন্যদিকে কাশিয়ানীতে ইজি বাইক চাপায় আরমান শেখ নামে এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কের ঘোনাপাড়া নামক স্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত আরমান ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার বোরাইস গ্রামের জাফর শেখের ছেলে। ৪টি বসতবাড়ি পুড়ে ছাই এদিকে কাশিয়ানীতে অগ্নিকাণ্ডে ৪টি বসতবাড়ি ভস্মীভূত হয়ে অন্তত ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। মঙ্গলবার গভীর রাতে উপজেলার মাজরা গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সাজাইল ইউপির ৫ নং ওয়ার্ড মেম্বার মো. ফায়েকুজ্জামান জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে ওই গ্রামের জালাল বিশ্বাসের ঘর থেকে আগুন লেগে একে একে জালাল বিশ্বাস, খোকন বিশ্বাস, নাসির শেখ ও লুত্ফর শেখর বসতবাড়ি ও রান্নাঘরসহ সমস্ত মালামাল পুড়ে যায়।