একটা সময় পর্যন্ত কম্পিউটারের জন্য অপারেটিং সিস্টেম নিয়ে খুব বেশি মাথাব্যাথা ছিল না খুব বেশি মানুষের। মাইক্রোসফট তাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেম নিয়ে রাজত্ব চালিয়ে যাচ্ছিল। পাশাপাশি উন্মুক্ত অপারেটিং সিস্টেম হিসেবে লিনাক্সের বিভিন্ন ডিস্ট্রিবিউশন নিজেদের মতো করে ব্যবহারকারী ধরে রেখেছিল। এর সাথে অ্যাপল তাদের ম্যাক অপারেটিং সিস্টেম দিয়ে নিজেদের গ্রাহকদের সন্তুষ্ট করে এসেছে। তবে স্মার্টফোন আর ট্যাবলেট পিসি এসেই দৃশ্যটা বদলে দিয়েছে। এখন এসব মোবাইল ডিভাইসের জন্য অপারেটিং সিস্টেম পেয়েছে ভিন্ন এক মাত্রা। আর যার ফলে অপারেটিং সিস্টেম নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছে অনেকেই। ইতোমধ্যেই বেশ কয়েকটি মোবাইল অপারেটিং সিস্টেম বাজারে চলে এসেছে। তবে জনপ্রিয় উন্মুক্ত অপারেটিং সিস্টেম উবুন্টুর সাথে এবার কাজ করছে চীন। চীনের কম্পিউটার ব্যবহারকারীদের জন্য বিশেষায়িত একটি অপারেটিং সিস্টেম তৈরি করতেই উবুন্টু নির্মাতা ক্যানোনিক্যালের শরণাপন্ন হয়েছে তারা। আগামী এপ্রিলেই এই অপারেটিং সিস্টেমের একটি সংস্করণ উন্মুক্ত হবে, যার নাম দেওয়া হয়েছে ‘কাইলিন’। চীনে উন্মুক্ত সফটওয়্যারের ব্যবহারকে জনপ্রিয় করার উদ্দেশ্যে সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই উদ্যোগগুলোর ধারাবাহিকতাতেই ক্যানোনিক্যালের সাথে যুক্ত হয়ে এই বিশেষ অপারেটিং সিস্টেম তৈরিতে মনোযোগ দিয়েছে চীন সরকার। উন্মুক্ত এই অপারেটিং সিস্টেম চীনের কম্পিউটার ব্যবহারকারীদের নিজেদের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ফিচার এবং অপশন কাস্টমাইজ করার সুবিধা প্রদান করবে। প্রথম সংস্করণটি মূলতই তৈরি হবে ডেস্কটপ এবং ল্যাপটপের জন্য। প্রথম সংস্করণটি মূলতই হবে মৌলিক কম্পিউটিং নির্ভর একটি অপারেটিং সিস্টেম। ভবিষ্যতে আরও উন্নত ফিচারের ‘কাইলিন’ তৈরি হবে বলেই জানিয়েছেন সংশ্লিষ্টরা।
