সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ করতে হবে

আপডেট : ২৩ মার্চ ২০১৩, ২২:০২
পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, রাতের অন্ধকারে সীমান্তে শিশুসহ সকল ধরনের হত্যাকাণ্ড বন্ধ করতে হবে। সীমান্তে হত্যাকাণ্ড বন্ধে দুই দেশের সরকার আন্তরিকতার সাথে কাজ করছে। এ জন্য সাম্প্র্রতিক সময়ে হত্যাকাণ্ড কমেছে। আমরা সমসময়ই চাই গুলি করে যেন কোন মানুষকে হত্যা করা না হয়, এ দাবিই জানিয়ে আসছি। সীমান্তে হত্যাকাণ্ড পরিহার করে ভিন্ন পন্থা অবলম্বন করতে হবে। শনিবার আগারগাঁওস্থ এলজিইডি মিলনায়তনে চাইল্ড পার্লামেন্টের ১১তম অধিবেশন প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেভ দ্য চিলড্রেন, মানুষের জন্য ফাউন্ডেশন ও প্ল্যান বাংলাদেশ এর আয়োজনে চাইল্ড পার্লামেন্ট অনুষ্ঠিত হয়। পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, রাতের অন্ধকারে মাদক ব্যবসার সাথে সীমান্তে শিশুরা জড়িত। এ ধরনের অনৈতিক কার্যকলাপ বন্ধে সকলের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে। এছাড়া শিশু পাচার সম্পর্কে সরকার সচেতন। কোন একটি দেশ শিশু পাচার বন্ধে ব্যবস্থা নিলে হবে না, সুনির্দিষ্ট ইসুতে আঞ্চলিকভাবে কাজ করতে হবে। চাইল্ড পার্লামেন্টের অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার এস.এম. শাহিরয়ার সিফাত। দেশের সার্বিক পরিস্থিতিতে ‘জাতিসংঘ শিশু অধিকার সনদের ভিত্তিতে শিশুদের বিকল্প প্রতিবেদন” বিষয়ে চাইল্ড পার্লামেন্ট প্রতিনিধিদের জরিপ তথ্য ও বিশিষ্ট ব্যক্তিদের মতামতের ভিত্তিতে একটি কর্মপত্র অধিবেশন উপস্থাপিত ও আলোচিত হয়। অধিবেশনে ৬৪ জেলা থেকে একজন করে চাইল্ড পার্লামেন্ট প্রতিনিধি ও দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ২০ জন শিশু প্রতিনিধিসহ মোট ৮৪ জন শিশু অধিবেশনে উপস্থিত ছিলেন।