‘ডেল’ কিনে নিতে আরও দুই নতুন প্রস্তাব

আপডেট : ২৬ মার্চ ২০১৩, ১৯:২৫
গত কয়েকমাস ধরে প্রযুক্তি বিশ্বে আলোচনা ধরে রেখেছে পিসি নির্মাণে তৃতীয় স্থানে থাকা ডেল। প্রতিষ্ঠাতা মাইকেল ডেল নিজেই একে কিনে নেওয়ার প্রস্তাব দিয়ে হইচই ফেলে দেন। তার প্রস্তাবনা যখন অনুমোদিত হয়ে গেছে বলেই ধরে নিচ্ছিল প্রযুক্তি বিশ্ব, সেসময়েই জানা গেল তার প্রস্তাবনার বিরোধীতায় রয়েছে ডেলেরই কয়েকজন শেয়ারধারী। আর এরপরের খবর, মাইকেল ডেলের পাশাপাশি আরও দুই প্রস্তাব এসেছে ডেলকে কিনে নেওয়ার। ব্ল্যাকস্টোন গ্রুপ এবং ধন্যাঢ্য ব্যক্তি কার্ল আইকান এই প্রস্তাবনা হাজির করেছে ডেল কিনে নিতে। গত কয়েকমাসে ডেল তার অবস্থান ধরে রাখতে ব্যর্থ হওয়ার কারণেই একে ব্যক্তিগত মালিকানায় ছেড়ে দেওয়ার প্রস্তাব আলোচিত হয়। বিশ্বব্যাপী পিসি নির্মাণে তৃতীয় স্থানে থাকা এই প্রতিষ্ঠানটি ব্যক্তিগত মালিকানায় চলে যাওয়ার আলোচনা তুঙ্গে ওঠে ডেলের প্রতিষ্ঠাতা মাইকেল ডেল’র প্রস্তাবে। সিলভার লেক নামের একটি প্রতিষ্ঠানের সাথে যৌথ বিনিয়োগে এবং মাইক্রোসফট থেকে কিছু ঋণ নিয়ে তিনি ডেলকে কিনে নেওয়ার প্রস্তাব রাখেন। তবে ডেলের পরিচালনা পর্ষদ থেকেই এই প্রস্তাবের বিরোধীতা করা হয়। মাইকেল ডেল তার প্রস্তাবে ডেলের প্রতিটি শেয়ারের দাম ১৩.৬৫ ডলার হিসেবে সর্বমোট ২৪.৪ বিলিয়ন ডলারে ডেলকে কিনে নেওয়ার কথা জানালে ডেলের মূল্য এর চেয়ে অনেক বেশি বলে দাবী করে ডেলের কয়েকজন শেয়ারধারী। এই বিষয়ে কোনো ধরনের সমাধান হওয়ার পূর্বেই ডেল কিনে নেওয়ার নতুন এই দুই প্রস্তাব হাজির হয়েছে। এর মধ্যে ব্ল্যাকস্টোন গ্রুপ প্রকৃত মূল্য না জানালেও ডেলের প্রতিটি শেয়ারের মূল্য ১৪.২৫ ডলারের বেশি দেওয়ার কথা জানিয়েছে। তাদের সাথে রয়েছে প্রযুক্তিনির্ভর দুই প্রতিষ্ঠান ফ্রান্সিসকো পার্টনারস এবং ইনসাইট ভেনচার পার্টনারস। অন্যদিকে বিনিয়োগকারী কার্ল আইকানের পক্ষ থেকে ডেলের প্রতিটি শেয়ারের মূল্য ১৫ ডলার করার প্রস্তাব করা হয়েছে। তিনি অবশ্য ডেলের ৫৮ শতাংশ শেয়ার কেনার কথা জানিয়েছেন প্রাথমিক প্রস্তাবে। এদিকে ব্ল্যাকস্টোন গ্রুপ কিংবা আইকানের কেউই ডেল কিনে নেওয়ার পরে ডেল কীভাবে চলবে, সে বিষয়ে কোনো তথ্য জানাননি। নতুন এই দুই প্রস্তাব আসার পরে তাদের সাথে আলোচনায় বসার আগ্রহ জানিয়েছেন মাইকেল ডেল। এই বিষয়ে ডেলের বিশেষ কমিটিতেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে মন্তব্য করেন তিনি।