বোমায় পা হারালেন সিরিয়ার বিদ্রোহী নেতা রিয়াদ আল আসাদ

আপডেট : ২৬ মার্চ ২০১৩, ২০:৫৪
সিরিয়ার বিদ্রোহী গ্রুপ ‘ফ্রি সিরিয়ান আর্মি’র (এফএসএ) প্রতিষ্ঠাতা কর্নেল রিয়াদ আল-আসাদ গাড়ি বোমা বিস্ফোরণে পা হারিয়েছেন। তাকে হত্যার উদ্দেশ্যে ওই বোমা হামলা চালানো হয় বলে বিদ্রোহীদের সূত্র সোমবার জানায়। খবর ডন অনলাইনের। সূত্র জানায়, হামলায় তিনি প্রাণে বেঁচে গেলেও তার অবস্থা আশঙ্কাজনক নয়। বর্তমানে তিনি তুরস্কের একটি হাসপাতালে চিকিত্সাধীন। আল-আসাদ ২০১১ সালে বিদ্রোহী এফএসএ গ্রুপ প্রতিষ্ঠা করেন। এর প্রধান লক্ষ্য হচ্ছে প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারকে উত্খাত করা। তিনিই প্রথম ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা যিনি বাশার আল আসাদের পক্ষ ত্যাগ করেন। সিরিয়ার বিদ্রোহীরা জানায়, কর্নেল রিয়াদ আল-আসাদ দেশটির পূর্বাঞ্চলে দেইর আল-জর এর দক্ষিণে আল মায়াদিন শহরে এ বোমা হামলার শিকার হন। এলাকাটি এখন কয়েকটি বিদ্রোহী গ্রুপের নিয়ন্ত্রণে রয়েছে। তবে এই গ্রুপের সবই এফএসএ-এর অধীনে নয়। সিরিয়ার ন্যাশনাল কোয়ালিশনের (এসএনসি) প্রধান থেকে পদত্যাগ করা মোয়াজ আল-খতিব রবিবার বলেন, কর্নেল আসাদকে হত্যা করার উদ্দেশ্যেই এ বোমা হামলা চালানো হয়েছে।