অনিশ্চয়তায় প্যানাসনিক প্লাজমা টিভি

আপডেট : ২৬ মার্চ ২০১৩, ২১:২৮
বিশ্বব্যাপী প্রযুক্তিতে পরিবর্তন এত দ্রুত যে, এর সাথে তালমিলিয়ে চলা হয়ে উঠেছে কঠিন। কম্পিউটার, মোবাইল, ল্যাপটপ থেকে শুরু করে টেলিভিশনেও প্রযুক্তি নতুন ধারা তৈরি করছে। আর তাতে করে টেলিভিশন নির্মাতাদের যেতে হচ্ছে নতুন পরিস্থিতির মধ্য দিয়ে। বিশ্বব্যাপী টেলিভিশন নির্মাতা হিসেবে প্যানাসনিক সবসময়ই ছিল এগিয়ে। আর তাদের প্লাজমা টিভিগুলোও সারা বিশ্বে মানের দিক থেকে সেরা হিসেবেই স্বীকৃতি পেয়ে এসেছে। এই ২০১৩ সালে এসেও স্মার্টটিভি বা ইন্টারনেট টিভির ভিড়েও স্বচ্ছ ছবির মানের কারণেই প্যানাসনিকের প্লাজমা টিভির দিকে মনোযোগ রয়েছে অনেকেরই। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, প্যানাসনিক নিজেই ধারণা করছে তাদের প্লাজমা টিভির ইউনিট হয়তো শেষ পর্যন্ত বন্ধ করে দিতে হবে। বন্ধ হচ্ছে প্লাজমা টিভি? প্যানাসনিকের প্লাজমা টিভির নির্মাতা ইউনিট বন্ধ হবে কি না, এ সংক্রান্ত আলোচনায় যখন সরগরম প্রযুক্তি বিশ্ব, তখন প্যানাসনিক নিজেই জানিয়ে দিয়েছে, প্লাজমা টিভি তৈরির ইউনিট তারা বন্ধ করে দিচ্ছে। সপ্তাহখানেক আগেই এমন ঘোষণা এসেছে প্যানাসনিকের পক্ষ থেকে। প্রযুক্তি বিশ্বের অনেকের কাছেই এটি অনেকটা বজ্রাহত হওয়ার মতো একটি ঘোষণা হয়ে এসেছে। মানসম্মত টেলিভিশন হিসেবে তারা যে প্যানাসনিকের প্লাজমা টিভিগুলোর কথাই বলে এসেছেন এতদিন! এ প্রসঙ্গে বলা যায় ২০০৮ সালে প্যানাসনিকের তৈরি পাইওনিয়ার ইলট কিউরো প্রো-১১১ এফডি মডেলের টিভির কথা। টেলিভিশন প্রযুক্তির সাথে সংশ্লিষ্ট অনেকেই এই মডেলটিকে এ যাবত্কালে তৈরি সবচেয়ে ভালো এবং মানসম্মত টেলিভিশন বলে স্বীকৃতি দিয়েছেন। পাঁচ বছর পরে ২০১৩ সালে এসেও সিনেটের টেলিভিশন রিভিউয়ে এর স্থান রয়েছে। তবে গুণে-মানে পাইওনিয়অর সিরিজ তৈরি বন্ধ করে প্যানাসনিক। এখনও প্লাজমায় সেরা প্যানাসনিক প্লাজমা টিভিতে প্যানাসনিক অন্যদের চাইতে যোজন যোজন এগিয়ে—এমন মন্তব্য অনেকেরই। যার মধ্যে রয়েছেন সিনেট-এর টিভি রিভিউয়ার ডেভিড ক্যাটজমেয়ার ও। চলতি বছরেও প্যানাসনিক যে কয়েকটি প্লাজমা টিভি বাজারে এনেছে, তার ভূঁয়সী প্রশংসা করেন তিনি। বিশেষ করে এর মধ্যে জেডটি ৬০ মডেলটিকে টপ অ্যান্ড টিভি হিসেবে এবং এসটি ৬০ মডেলটিকে উন্নতমানের ব্যয়সাশ্রয়ী প্লাজমা টিভির স্বীকৃতি দিয়েছেন তারা। শুধু তাই নয়, এসব মডেল সেই ২০০৮ সালে তৈরি পাইওনিয়ারের সমমানের বলেই ধারণা করেন তিনি। প্লাজমা টিভির শেষ প্রজন্ম ২০১৩ সালে এসেও যখন প্যানাসনিক সর্বোচ্চ মানের প্লাজমা টিভি তৈরি করছে, এখন প্লাজমা টিভি বন্ধ হয়ে যাওয়া প্রসঙ্গটি অবান্তর মনে হলেও সেটাই বাস্তবে পরিণত হতে যাচ্ছে। সম্প্রতি সিনেট-এর সাথে কথা হয় প্যানাসনিকের উত্তর আমেরিকা অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট হেনরি হসারের। তার সাথে কথা বলেই জানা যায়, হেডটি ৬০ হতে যাচ্ছে প্যানাসনিকের শেষ প্রজন্মের প্লাজমা টিভি। আগের বছরগুলোর দিকে তাকালে দেখা যায়, প্রতিটি বছরের শুরুতেই আরও উন্নত ফিচারের প্লাজমা টিভি তৈরিতে মনোযোগী হয় প্যানাসনিক। তবে এই বছরের পর আর সেই ঐতিহ্য বজায় থাকবে বলেই ইঙ্গিত করেন তিনি। হসারের ভাষায়, ‘আগামী বছরে গিয়ে খুব সম্ভবত প্লাজমা টিভিতে আর বড় ধরনের কোনো পরিবর্তন আসছে না। বর্তমানে বাজারের প্লাজমা টিভির যে প্রজন্ম রয়েছে, এর পরে হয়তো অন্য কোনো প্রজন্ম বাজারে আসবে না।’ আসছে দিনে ওএলইডি টিভির পরিবর্তে খুব সম্ভব প্যানাসনিক ৪কে টিভিতে মনোযোগী হবে বলে ইঙ্গিত করেন তিনি। এখানে উল্লেখ্য, গত কয়েক চতুর্ভাগেই প্যানাসনিক টিভির বিক্রির এক চতুর্থাংশের বেশি ছিল প্লাজমা টিভি। কমছে প্লাজমা টিভির বাজার প্রযুক্তি বাজার গবেষণা সংস্থা এনপিডি’র এক প্রতিষ্ঠানে দেখা যায়, গত বছরে বিশ্বব্যাপী প্লাজমা টিভির বাজার কমেছে প্রায় ২১ শতাংশ, যেখানে এলসিডি টিভির বাজার কমেছে মাত্র ১ শতাংশ। বাজারে প্লাজমা টিভির চাহিদা কমে যাওয়ার কারণেই প্লাজমা টিভি ইউনিটগুলো আর্থিকভাবে ক্ষতির মুখে পড়েছে। প্যানাসনিকেও এর ছোঁয়া লেগেছে। তারই আভাস দিয়েছেন হসার। তিনি জানিয়েছেন, প্লাজমা টিভির বাজারে তার আগ্রহ থাকলেও এ বিষয়ে দ্রুতই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে তাদের। সামনের দিনগুলোতে জাপান সফরেই এসব বিষয়ে চূড়ান্ত করবেন বলে জানান তিনি। তবে প্লাজমা টিভির ভবিষ্যত যে খুব সুখকর নয়, তা জানা যায় প্যানাসনিকের বিভিন্ন কার্যক্রমে। গত বছরেই তারা ঘোষণা দেয় এই মার্চে প্রায় দশ হাজার কর্মী ছাটাইয়ের। গত বছরেও তারা প্রায় ৩৬ হাজার কর্মী ছাটাই করে। গত বছরে তারা প্রায় ২ বিলিয়ন ডলার ক্ষতির মুখে পড়ে। অবশ্য চলতি বছরের ফেব্রুয়ারিতে লাভের ঘোষণা দিয়েছে তারা। সব মিলিয়ে প্লাজমার ভবিষ্যত অনিশ্চিত। তবুও প্লাজমার পক্ষে বিশেষজ্ঞরা সাম্প্রতিক সময়ে এলসিডি স্মার্টটিভি বা ইন্টারনেট টিভিগুলোর কারণেই প্লাজমা টিভির বাজার সংকুচিত হয়ে যাচ্ছে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে সনি, স্যামসাং কিংবা এলজির টিভিগুলোই এই বাজার দখল করে নিচ্ছে। তবে শেষ পর্যন্ত যারা সবচেয়ে ভালো মানের ছবির দর্শক, তাদের জন্য প্লাজমা টিভিতে মনোযোগী হওয়ার উপদেশই দিয়েছেন বিশেষজ্ঞরা।