প্রায় একদশক ধরে চলতে থাকা সংঘাতের ইতি টানতে থাই সরকার ও দেশটির বিদ্রোহী গ্রুপের মধ্যে শান্তি আলোচনা শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার প্রতিবেশী দেশ মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে দু’পক্ষ আলোচনায় বসে। এদিকে আলোচনা চলাকালে বোমা বিস্ফোরণ ও গুলির ঘটনায় পাঁচজন নিহত বলে জানা গেছে। এদিন দেশটির ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তা এবং বিচ্ছিন্নতাবাদী দল বরিসান রেভ্যুলিউসি ন্যাশনলের প্রতিনিধিদের মধ্যে প্রথম রাউণ্ড আলোচনা হয়। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাকের সাবেক সহযোগী আহমদ জামজামিন আলোচনা সংগঠনে সার্বিক সহায়তা করেছেন।
অন্যদিকে আলোচনা শুরু হবার আগে দেশটির নারাথিওয়াত প্রদেশের চর এইরঙ জেলায় রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে তিন সেনাসদস্য নিহত হয়েছে। দেশটির রাজধানী ব্যাংককের ৮৪০ কিলোমিটার দক্ষিণে সেনা চৌকিতে টহল দেয়ার সময় এ বিস্ফোরণের ঘটনাটি ঘটে বলে জানিয়েছে চতুর্থ সেনা আঞ্চলিক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল উদমচাই থামমাসারোরাত। ওদিকে চোরাগুপ্তা হামলায় আরো পাঁচ সেনা আহত হয়েছে।
