জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা

আপডেট : ২৯ মার্চ ২০১৩, ১৮:৪৪
জ্ঞান স্তর ও অনুধাবন স্তর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্নেহসহ আন্তরিক দোয়া রইল। আশা করি- তোমরা সবাই জান যে, জে.এস.সি-র বোর্ড পরীক্ষায় বাংলা প্রথমপত্রে সৃজনশীল পদ্ধতিতে বহুনির্বাচনি ও রচনামূলক অংশে লেখক পরিচিতি ও পাঠ পরিচিতি থেকে বেশ কিছু জ্ঞান স্তরের প্রশ্ন আসে। তাই নিম্নের এক কথায় প্রশ্নোত্তরগুলো ভালোভাবে পড়লে তোমাদের অনেক কাজে লাগবে বলে আশা করি। অনুধাবন স্তরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নও দেওয়া হলো। অধ্যায়: তৈলচিত্রের ভূত ১। কে নিজের প্রকান্ড লাইব্রেরিতে বসে চিঠি লিখছিলেন? উত্তর: পরাশর ডাক্তার নিজের প্রকান্ড লাইব্রেরিতে বসে চিঠি লিখছিলেন। ২। নগেন কোথায় থেকে কলেজে পড়ে? উত্তর: নগেন তার মামাবাড়িতে থেকে কলেজে পড়ে। ৩। নগেনের মামা কী রকম লোক ছিলেন? উত্তর: নগেনের মামা কৃপণ লোক ছিলেন। ৪। মনে মনে নগেন তার মামাকে প্রায়ই কোথায় পাঠাত? উত্তর: মনে মনে নগেন তার মামাকে প্রায়ই যমের বাড়ি পাঠাত। ৫। নগেনের মামা শেষ সময়ে নগেনের জন্য কী করেছেন? উত্তর: নগেনের মামা শেষ সময়ে নগেনের নামে টাকা উইল করেছেন। ৬। পাগল সহজে কী টের পায় না? উত্তর: পাগল সহজে টের পায় না যে সে পাগল হয়ে গেছে। ৭। নগেন মরিয়া হয়ে ডাক্তারকে কী জিজ্ঞেস করেছিল? উত্তর: নগেন মরিয়া হয়ে ডাক্তারকে জিজ্ঞেস করেছিল যে, সত্যই পেতাত্মা আছে কিনা। ৮। নগেনের কাহিনি কেমন ছিল? উত্তর: নগেনের কাহিনি ছিল অবিশ্বাস্য আর চমকপ্রদ। ৯। নগেন কোনোদিনও কী কল্পনা করতে পারে নি? উত্তর: নগেনের মামার এরকম উদারতা নগেন কোনোদিনও কল্পনা করতে পারে নি। ১০। নগেন তার মামাকে কীভাবে ঠকিয়েছিল? উত্তর: নগেন তার মামাকে ভালোবাসার ভান করে ঠকিয়েছিল। ১১। নগেন তার মৃত মামাকে কীভাবে ভক্তিশ্রদ্ধা করতে চেয়েছিল? উত্তর: নগেন তার মৃত মামার তৈলচিত্রের পায়ে মাথা ঠেকিয়ে ভক্তিশ্রদ্ধা করতে চেয়েছিল। ১২। কী সম্পর্কে নগেনের মামার বিশেষ কোনো মাথাব্যথা ছিল না। উত্তর: লাইব্রেরি সম্পর্কে নগেনের মামার বিশেষ কোনো মাথাব্যথা ছিল না। ১৩। লাইব্রেরিতে কয়টি বড় বড় তৈলচিত্র ছিল? উত্তর: লাইব্রেরিতে তিনটি বড় বড় তৈলচিত্র ছিল। ১৪। তৈলচিত্রের ছবি তিনটি ছিল কার কার? উত্তর: তৈলচিত্রের ছবি তিনটির একটি ছিল নগেনের দাদামশায়ের, একটি দিদিমার একটি মামার। ১৫। অন্ধকারে নগেন তার মামার তৈলচিত্রের সামনে গিয়ে কী বলল? উত্তর: অন্ধকারে নগেন তার মামার তৈলচিত্রের সামনে গিয়ে অস্ফুট স্বরে বলল- ‘মামা, আমায় ক্ষমা কর।’ ১৬। নগেন তার মামার ছবি ছুঁতেই তার কী হল? উত্তর: নগেন তার মামার ছবি ছুঁতেই তাকে কে যেন ধাক্কা দিয়ে ফেলে দিল। ১৭। কস্মিনকালেও নগেন কী হয় নি? উত্তর: কস্মিনকালেও নগেন ফিট হয় নি। ১৮। নগেনের মামার কখন ধাক্কা দেওয়ার ক্ষমতা নেই? উত্তর: নগেনের মামার দিনের বেলায় ধাক্কা দেওয়ার ক্ষমতা নেই। ১৯। নগেনের মামা দেয়ালে কীভাবে দাঁড়িয়ে আছেন? উত্তর: নগেনের মামার মটকার পাঞ্জাবির উপর দামি শাল গায়ে দিয়ে দেয়ালে দাঁড়িয়ে আছেন। ২০। নগেনের মামা তাকে দ্বিতীয় রাত্রে ধাক্কা দিলে নগেনের অবক্ষা কী হল? উত্তর: নগেনের মামা তাকে দ্বিতীয় রাত্রে ধাক্কা দিলে নগেন আচ্ছন্নের মতো হলে গেল। ২১। নগেনের মামা তাকে কখন ধাক্কা দেয়? উত্তর: অন্ধকারে ছবি স্পর্শ করলে নগেনের মামা তাকে ধাক্কা দেয়। ২২। তৈলচিত্রের তেজ কখন বাড়ে? উত্তর: তৈলচিত্রের তেজ রাত্রে বাড়ে। ২৩। কেন পরাশর ডাক্তারের বুক ধড়াস করে লাফিয়ে উঠল? উত্তর: তৈলচিত্রের উপর দুটি জ্বলন্ত চোখ পরাশর ডাক্তারের দিকে জ্বলজ্বল চোখে তাকিয়ে থাকার কারণে পরাশর ডাক্তারের বুক ধড়াস করে লাফিয়ে উঠল। ২৪। তীব্র চাপা গলায় পরাশর ডাক্তার নগেনকে কী বলল? উত্তর: তীব্র চাপা গলায় পরাশর ডাক্তার নগেনকে বলল- ‘তুমি একটি আস্ত গর্দভ, নগেন।’ ২৫। নগেনের মামার ছবির রুপার ফ্রেমটা কার ছবিতে ছিল? উত্তর: নগেনের মামার ছবি রুপার ফ্রেমটা তার দাদামশায়ের ছবিতে ছিল। ২৬। নগেনের মামার ছবি দিনের বেলা স্পর্শ করলে কিছু হয় না কেন? উত্তর: নগেনের মামার ছবি দিনের বেলা স্পর্শ করলে কিছু না হওয়ার কারণ হল দিনের বেলা সকল সুইচ বন্ধ থাকে। ২৭। বিদ্যুত্ সুযোগ পেলে কী করতে দ্বিধা করে না? উত্তর: বিদ্যুত্ সুযোগ পেলে মানুষের শরীর দিয়ে যাতায়াত করতে দ্বিধা করে না। ২৮। নগেনের কপাল ভালো কেন? উত্তর: নগেনের কপাল ভালো হওয়ার কারণ হল তাকে তড়িতাহত হয়ে মরতে হয় নি। অনুধাবনমূলক ১। নগেনের কথা বলার ভঙ্গি খাপছাড়া হওয়ার কারণ দর্শাও। ২। নগেন ও তার মামার মধ্যকার সম্পর্ক সম্বন্ধে যা জান লেখ। ৩। “নগেন যেন মরিয়া হয়ে জিজ্ঞেস করল, “আচ্ছা ডাক্তার-কাকা, প্রেতাত্মা আছে?”-কথাটি ব্যাখ্যা কর। ৪। “চমকপ্রদ অবিশ্বাস্য কাহিনি”-কথাটি বুঝিয়ে লেখ। ৫। নগেনের তার মামার উদারতা কল্পনা না করার কারণ ব্যাখ্যা কর। ৬। “মামার তৈলচিত্রের পায়ে মাথা ঠেঁকিয়ে প্রণাম করলে হয়তো আত্মগ্লানি একটু কমবে।”- উক্তিটি বুঝিয়ে লেখ। ৭। “যেই ছবি ছঁয়েছি ডাক্তার কাকা, কে যেন আমাকে জোরে ধাক্কা দিয়ে ঠেলে ফেলে দিল।”-কথাটি ব্যাখ্যা কর। ৮। “অশরীরী আত্মা কল্পনা করা ছাড়া এ সমস্তের আর কী মানে হয়?”- উক্তিটি বুঝিয়ে লেখ। ৯। ডাক্তার কেন নগেনকে গর্দভ বলেছিলেন? ১০। নগেন তার মামার তৈলচিত্র ধরতেই ধাক্কা খাবার কারণ কী বলে তোমার মনে হয়?