দেশের প্রথম সায়েন্টিফিক চলচ্চিত্র পরবাসিনী’র পর মেহজাবিন আরো কয়েকটি চলচ্চিত্রে সই করেছেন। খুব শিগগিরই এর নাম ঘোষণা করবে প্রযোজনা সংস্থাগুলো। এর পাশাপাশি বাংলালিংক-এর নতুন বিজ্ঞাপনেও সম্প্রতি তার শ্যুটিং শেষ করলেন। চলচ্চিত্র ব্যস্ততা প্রসঙ্গে মেহজাবীন বলেন, ‘আমি এদেশের চলচ্চিত্রে নতুন, তাই নতুন ধারার ছবিগুলোতেই কাজ করতে চাই। আমি চাই না, ছোট পর্দার মতো একই চরিত্রে দর্শকরা আমাকে দেখুক। তাই নিজে থেকেই সবসময়ই বৈচিত্র্য প্রত্যাশা করি। যেমন স্বপন আহমেদের পরবাসিনী চলচ্চিত্রে সম্পূর্ণ ভিন্ন রূপে দর্শকরা আমাকে দেখবেন, যা এর আগে বাংলাদেশি দর্শকরা কখনও দেখেনি। আমার পরবর্তী ছবিগুলোতেও একই বৈচিত্র্যের ছোঁয়া থাকবে।’ মেহজাবিন তার পরবাসিনী চলচ্চিত্রের পর ঢালিউড-টালিউড-এর যৌথ প্রযোজনার একটি চলচ্চিত্রের খুব শিগগিরই কাস্ট হতে চলেছেন। এক্ষেত্রে কলকাতার জনপ্রিয় অভিনেতার বিপরীতে তিনি অভিনয় করবেন।
