গতকাল শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ মেডিক্যাল টেকনোলজিস্ট এসোসিয়েশনের (বিএমটিএ) সভায় হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সভা পণ্ড হয়ে যায়। মেডিক্যাল টেকনোলজিস্টদের হাতে বিএমটিএ’র কয়েকজন নেতা লাঞ্ছিত হন।
শেরেবাংলা নগর থানার ওসি আব্দুল মমিন জানান, সকাল ১০টায় মেডিক্যাল কলেজ অডিটোরিয়ামে বিএমটিএ সভা শুরু হলে বিএমটিএ নেতৃবৃন্দ কমিটির মেয়াদ বৃদ্ধির প্রস্তাব করলে হট্টগোল হয়। সভায় উপস্থিত মেডিক্যাল টেকনোলজিস্টরা বিগত ২ বছরের সংগঠনের আদায়কৃত চাঁদা ৭০ লাখ টাকা খরচের হিসাব চায়। এ নিয়ে বিএমটিএ’র সদস্যদের সঙ্গে নেতৃবৃন্দের হাতাহাতির ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে বিএমটিএ নেতৃবৃন্দকে উদ্ধার করে।
