ই-কমার্সের এই যুগে প্রবেশ করেছে বাংলাদেশও। আর আমাদের দেশেও ইন্টারনেটের ব্যবহার দিন দিন বেড়েই চলেছে। এর সাথে সাথে এখন জমি এবং আবাসিক সম্পত্তি ক্রয়-বিক্রয়ের জন্যও অনেকেই ব্যবহার করছেন অনলাইন ওয়েব পোর্টাল। আর এর ফলেই অ্যাপার্টমেন্ট এবং বাড়ি বিক্রিতে ডিজিটাল জগতে নতুন স্থান করে নিয়েছে। ২০১৩ সালের প্রথম দুই মাসেই বিক্রয় ডট কমের প্রোপার্টি শ্রেণিতেই দেওয়া হয়েছে ৭,৮৬৫টি বিজ্ঞাপন। অক্টোবর ২০১২ থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত সম্পত্তি ক্রয়-বিক্রয় সংক্রান্ত বিজ্ঞাপনের পোস্ট বৃদ্ধি পেয়েছে ১৫০ শতাংশেরও বেশি। বিক্রয় ডট কমের মার্কেটিং ম্যানেজার ঈশিতা শারমিন জানান, ‘বিক্রয় ডট কমের মাধ্যমে এখন ঘরে বসেই মানুষ বাসা-বাড়ি কিংবা সম্পত্তির খোঁজ-খবর রাখতে পারছে। এতে করে সময় ও শ্রমের সাশ্রয় হচ্ছে। আর এ কারণেই অনলাইনে ক্রয়-বিক্রয় জনপ্রিয় হয়ে উঠছে।’
