মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড, শেখ জামাল ধানমন্ডি ক্লাব, শেখ রাসেল ক্রীড়াচক্র ও মুক্তিযোদ্ধা সংসদ দল স্বাধীনতা কাপ ফুটবলের শিরোপা লড়াইয়ে যোগদানের লক্ষ্যে আজ মাঠে নামছে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকাল সাড়ে চারটায় প্রতিযোগিতার প্রথম সেমিফাইনালে মোহামেডান ও শেখ জামাল এবং সন্ধ্যা সাতটায় একই মাঠে অপর সেমিফাইনালে শেখ রাসেল ও মুক্তিযোদ্ধা সংসদ মুখোমুখি হবে। ফাইনাল হবে মঙ্গলবার। কিন্তু একই দিনে না হয়ে সেমিফাইনাল দুটি আলাদা দিনে হলে ভালো হতো কিনা জানতে চাইলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জানিয়েছে রাজনৈতিক পরিস্থিতির কারণেই এমন সিদ্ধান্ত। সেমিফাইনালকে সামনে রেখে বাফুফে ভবনে চার সেমিফাইনালিস্টকে নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কর্মকর্তারা এও জানান যে সামনে আরো খেলা রয়েছে, মাঠের প্রয়োজনটা বেশি। লিগ বন্ধ রেখে স্বাধীনতা কাপের উদযাপন করতে গিয়ে তড়িঘড়ি করে টুর্নামেন্ট আয়োজন। এ জন্য একদিনে তিন ম্যাচও গড়িয়েছে মাঠে। বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী বলেন, ‘আগামীতে স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামন্টেটি বর্ষপঞ্জিতে অন্তর্ভুক্ত হলে আশা করি সমস্যা হবে না। সাড়ে সাতটার ম্যাচটি সাতটায় আনা হয়েছে। টুর্নামেন্টের স্পন্সর এটিএন বাংলা প্রথম সেফািইনাল সরাসরি সম্প্রচার করবে, দ্বিতীয়টি পর দিন দেখাবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের কর্মকর্তা তাশিক আহমেদ।
শেখ জামাল ধানমন্ডি ক্লাব গ্রুপ পর্বে মোহামেডানের বিরুদ্ধে শেষ খেলায় ড্র করেছে। সেমিফাইনালে আবারও দল দুটি মুখোমুখি। শেখ জামালের তুলনায় মোহামেডানের দলগত শক্তি কম। এরপরও উভয় দলই মানছে সেমিফাইনাল মানে হাড্ডাহাড্ডি লড়াই। বাঁচা-মরার লড়াইয়ে যে কেউ জ্বলে উঠতে পারে। সেই হিসাবে মোহামেডানের বিরুদ্ধে একটা ভালো ম্যাচ হবে বলে মনে করছেন শেখ জামালের নাইজেরিয়ান কোচ যোসেফ আফুসি।
গতকালকের এই সংবাদ সম্মেলনের চার দলের কোচ অধিনায়করা তাদের প্রস্তুতি নিয়ে কথা বলেন। মোহামেডান কোচ সাইফুল বারী টিটু শেখ জামাল সম্পর্কে বললেন তাদের দেশি ডিফেন্ডাররা ভালো। বিদেশিরাও পেরে উঠবে না। এটা তাদের শক্তিশালী দিক। তবে এধরনের ম্যাচে মানসিক চাপ না নিয়ে খেললে ভালো খেলা যায়। ভুল করলে ব্লান্ডার হয়ে যায়। তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, ‘ফেডারেশন কাপ ফুটবলে চ্যাম্পিয়ন হতে পারিনি। এবার ফাইনালে যেতে চাই।’ এবারের আসরে মাঝে একদিনের ব্যবধান রেখে অনুষ্ঠিত হতে যাচ্ছে সেমিফাইনাল ও ফাইনাল। এমনটা ভালো মানের ফুটবলারদের জন্য অমঙ্গল বলে মনে করছেন শেখ রাসেলের কোচ মারুফুল হক। কারণ তিনি মনে করেন-‘ইনজুরিতে পড়ে ভালো খেলোয়াড়ের ক্যারিয়ার নষ্ট হতে পারে। গেম ডেভেলপম্যান্ট করতে হলে খেলোয়াড়দের ইনজুরির কথাটা মাথায় রাখতে হবে।’ মারুফের কথায় সায় দিয়ে এ সময় মাইক্রোফোন টেনে নিয়ে সালাম মুর্শেদী বলেন, আমিও আপনার কথায় একমত। ভবিষ্যতে খেলোয়াড়দের সেরে উঠার বিষয়ের উপর দৃষ্টি রাখা হবে।’ প্রতিপক্ষ মুক্তিযোদ্ধা সংসদকে ভালো দল খেতাব দিলেও শেখ রাসেলের কোচ মারুফ বলেন, ‘দিন শেষে আমরাই জিতব।’ মুক্তিযোদ্ধার কোচ শফিকুল ইসলাম মানিক শেখ রাসেলকে সমীহ করে বলেন, ‘ওরা কাগজে-কলমে সেরা দল। মাঠের পারফরম্যান্সেও সেরা। কিন্তু বড় দলের একটা দিন খারাপও যেতে পারে।’
স্বাধীনতা কাপ ফুটবলের গত আসরের সেমিফাইনালে শেখ জামালকে হারিয়ে ফরাশগঞ্জ এবং মোহামেডানকে পরাস্ত করে শেখ রাসেল ফাইনালে উঠেছিল। এবার চ্যাম্পিয়ন ফরাশগঞ্জ গ্রুপ পর্যায় থেকেই বিদায় নেয়।
