অনেকটাই বিপদমুক্ত রাইডার

আপডেট : ৩০ মার্চ ২০১৩, ২১:২৭
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে প্রায় তিনদিন কাটানোর পরে গতকাল শনিবার অনেকটাই স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছেন জেসি রাইডার, শ্বাস-প্রশ্বাসও করতে পারছেন কোনকিছুর সাহায্য ছাড়াই। রাইডারের ম্যানেজার অ্যারন লি জানিয়েছেন এ তথ্য। ক্রাইস্ট চার্চে গত বুধবার রাতে ভয়াবহ হামলার শিকার হন রাইডার। মাথা এবং ফুসফুসে গুরুতর আঘাত পাওয়ায় বড় ধরনের বিপদ এড়াতে তাকে ওষুধ প্রয়োগ করে চেতনা লোপ করেন কর্তব্যরত চিকিত্সকরা। তবে চিকিত্সার প্রতি রাইডারের দেহ সাড়া দিতে শুরু করলে একদিন পরেই চেতনানাশক ওষুধের মাত্রা কমিয়ে দেন তারা। এরই ধারাবাহিকতায় গতকাল রাইডারকে কোমা থেকে পুরোপুরি বের করা হলো। গত রবিবার পরিবারের সদস্যদের সাথে রাইডারকে ইশারায় কথা বলতে হলেও গতকাল অনেকটা স্বাভাবিকভাবেই কথা বলেন তিনি। সহায়ক যন্ত্র খুলে ফেলা হলেও স্বাভাবিকভাবেই শ্বাস-প্রশ্বাসেও কোন ধরনের সমস্যা বোধ করেননি এই মারকুটে বাঁহাতি ব্যাটসম্যান। তার শারীরিক অবস্থার উন্নতিতে সন্তোষ প্রকাশ করে লি বলেন, ‘জেসির (রাইডার) অবস্থা অনেকটাই উন্নতির দিকে। তাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা হয়েছে এবং ভেন্টিলেটরও (শ্বাস নিতে সহায়ক যন্ত্র) তুলে নেয়া হয়েছে। সে স্বাভাবিক আছে এবং আমাদের সাথে কথা বলছে। তার অবস্থার উন্নতি দেখে আমরা খুশি। তবে এটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়ার শুরু মাত্র। তাকে যুদ্ধ চালিয়ে যেতে হবে। রাইডারের পরিবারের পক্ষ থেকে সবাইকে আবারো আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।’ তবে সেদিন অ্যাইকম্যান’স বারের বাইরে কি ঘটেছিল তার কিছুই মনে করতে পারছেন না রাইডার। সর্বশেষ যে ঘটনাটি তিনি মনে করতে পারছেন সেটা হচ্ছে, ওয়েলিংটনের হয়ে মৌসুমের শেষ ম্যাচে শূন্য রানে আউট হওয়ার স্মৃতি।’ লি বলেন, ‘এটা সিনেমা নয় যে সে হাসতে হাসতে উঠে বসবে এবং সবাইকে জড়িয়ে ধরবে। তার সময় প্রয়োজন। তবে গত ২৪ ঘণ্টার চেয়ে এখন তার অবস্থা ভাল। সে যে আবারো আমাদের সাথে কথা বলতে পারছে, সেটা ভেবেই আমার ভাল লাগছে।’