তোপের মুখে লংকান নির্বাচকরা

আপডেট : ৩০ মার্চ ২০১৩, ২১:২৭
স্পোর্টস রিপোর্টার এমনিতেই শেষ ওয়ানডে হারের পর খুব স্বস্তিতে নেই লংকান ক্রিকেট। এর উপর নতুন সমস্যায় মুখোমুখি হতে হয়েছে দ্বীপ দেশটির ক্রিকেট নির্বাচকদের। যথেষ্ট যোগ্য না হবার পরেও দেশের এক মন্ত্রীর ছেলেকে দলে নেয়ায় বেশ এখন তোপের মুখে শ্রীলংকা ক্রিকেট দলের নির্বাচকরা। তবে এই ব্যাপারে নিজের ব্যাখ্যা দিয়েছেন নির্বাচক ও সাবেক অধিনায়ক সনথ জয়সুরিয়া। আজ সফরকারী বাংলাদেশের বিপক্ষে সিরিজের একমাত্র ওয়ানডে ম্যাচে মাঠে নামবে শ্রীলংকা। নির্বাচকদের ঘোষিত ১৬ জনের স্কোয়াডে নতুন মুখ পাঁচজন। বিশ্রামে রাখা হয়েছে নিয়মিত সদস্য তিলকারত্নে দিলশান, কুমারা সাঙ্গাকারাকে। ইনজুরির কারণে দলে আগে থেকেই নেই মাহেলা জয়াবর্ধনে। প্রথমবারের মতো দলে ডাকা হয়েছে দেশটির গণমাধ্যম ও তথ্য বিষয়ক মন্ত্রী কেহেলিয়া রামবুকেওলার ছেলে রামিথ রামবুকেওলাকে। আর তাকে দলে নেয়ার পর থেকেই সমালোচনায় বিদ্ধ হচ্ছেন লঙ্কার নির্বাচকরা। ব্যাপারটি নিয়ে বেশ সরব হয়ে উঠেছে স্থানীয় কিছু গণমাধ্যম। সমালোচনাকে একদম অযৌক্তিকও বলা যাচ্ছে না কারণ, ঘরোয়া লিগে বলার মতো কোন পারফরম্যান্স দেখাতে ব্যর্থ হয়েছেন এই খেলোয়াড়। প্রধান নির্বাচক জয়সুরিয়া ব্যাখ্যা দিয়ে বলেন, ‘দল নির্বাচনের সময় পারফরম্যান্সের সাথে মেধাকেও গুরুত্ব দেই। এমন অনেক খেলোয়াড় আছে যারা ক্লাব পর্যায়ের ক্রিকেটে ভাল করতে না পারলেও আন্তর্জাতিক পর্যায়ে তাদের প্রতিভার পরিচয় পাওয়া যায়। আমি নিজেই এমন অনেক খেলোয়াড় দেখেছি।’ জয়সুরিয়ার মতে এই ‘মেধাবী’ খেলোয়াড়ের ক্যারিয়ার যদিও আহামরি কোন মেধার পরিচয় বহন করে না। ২০১১ সালে ক্লাব ক্রিকেটে যাত্রা শুরু করা ২১ বছর বয়সী রামিথ সব ধরনের ক্রিকেটে মোট ২৮টি ইনিংসে মাত্র দু’বার পঞ্চাশের ঘর পেড়োতে পেরেছেন। বয়সভিত্তিক একদিনের আন্তর্জাতিক ম্যাচে ১৬.৮৭ গড়ে করেছেন ১৩৫ রান। টি-টোয়েন্টিতে ১৭.৪২ গড়ে ১২২। বরং বোলিংয়েই কিছু করে দেখাতে পেরেছেন। ওয়ানডেতে ১০টি ও টি-টোয়েন্টিতে আটটি উইকেট তার। এরপরেও সমস্যা মনে করছেন না জয়সুুরিয়া। তার মতে, এখনও নিজেকে গড়ে তোলার সময় আছে রামিথের, ‘আমি বলছি না যে ঘরোয়া ক্রিকেটে রান না করলেও একজনকে আমরা দলে জায়গা দেবো। আমার কথা হচ্ছে, প্রতিভা থাকলে তাকে সুযোগ দেয়া হবে। এখানে বয়স কারণ বিষয় নয়।’ বাংলাদেশের বিপক্ষে হোম সিরিজে পাঁচজন নতুন খেলোয়াড় দলে নেয়া হলেও সেটা লঙ্কানদের জন্য কোন সমস্যা বয়ে আনবে না বলেই মনে করছেন জয়সুরিয়া, ‘এটা বাংলাদেশ। তাই আমরা এখানে তরুণদের সুযোগ দিতে চাই।’ গত ম্যাচ হারের স্মৃতি কি এর মধ্যেই মুছে ফেললেন জয়সুরিয়া! বাংলাদেশের বিপক্ষে হোম সিরিজে পাঁচজন নতুন খেলোয়াড় দলে নেয়া হলেও সেটা লঙ্কানদের জন্য কোন সমস্যা বয়ে আনবে না বলেই মনে করছেন জয়সুরিয়া, ‘এটা বাংলাদেশ। তাই আমরা এখানে তরুণদের সুযোগ দিতে চাই।’ গত ম্যাচ হারের স্মৃতি কি এর মধ্যেই মুছে ফেললেন জয়সুরিয়া!