যুব হকি দল খেলবে সিঙ্গাপুরে

আপডেট : ৩০ মার্চ ২০১৩, ২১:২৮
স্পোর্টস রিপোর্টার সিঙ্গাপুরে ৪-৭ এপ্রিল অনুষ্ঠিত হবে দ্বিতীয় যুব (অনূর্ধ্ব-১৬) এশিয়া কাপ হকি। টুর্নামেন্টে বাংলাদেশসহ ১০টি দল অংশগ্রহণ করবে। বিকেএসপির ছাত্ররা জাতীয় দলের জার্সি গায়ে খেলবেন। বাংলাদেশ বি গ্রুপে খেলবে। প্রতিপক্ষ দলগুলো হচ্ছে দক্ষিণ কোরিয়া মালয়েশিয়া, কাজাখিস্তান এবং স্বাগতিক সিঙ্গাপুর। এ গ্রুপে আছে পাকিস্তান, জাপান, চীন, শ্রীলংকা এবং চাইনীজ তাইপে। যুব হকিতে খেলার নিয়মটা একটু ভিন্ন। খেলা হবে প্রতি দলে পাঁচজন করে। এখানে পেনাল্টি কর্নার নিয়মটি থাকবে না। পেনাল্টি স্ট্রোক থাকবে। এটি একটি ফেস্টিভেল মুডে খেলা হবে। যে কারণে খেলা হবে ১২ মিনিট করে ৩৬ মিনিট। বাংলাদেশের লক্ষ্য হচ্ছে চ্যাম্পিয়ন হওয়া। দুই হাজার সালে প্রথমবার সিঙ্গাপুরে এই টুর্নামেন্ট হয়েছিল। এরপর আর হয়নি। দীর্ঘদিন পর আবার টুর্নামেন্টে দল নিয়ে যাচ্ছেন কোচ কাওসার আলী। প্রথম আসরে ফাইনালে ভারতের কাছে হেরেছিল বাংলাদেশ। সিঙ্গাপুরে যুব হকিতে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল আগামী বছর চীনে অনুষ্ঠিতব্য যুব অলিম্পিক হকিতে খেলার সুযোগ পাবে। বুধবার বাংলাদেশ দল যাবে সিঙ্গাপুর যাবে। দলের খেলোয়াড়রা হলেন আশিক মাহমুদ সাগর, দ্বীন ইসলাম ইমন, রেজাউল করিম বাবু, রোমান সরকার, নাইম উদ্দিন, খালেদ মাহমুদ রাকিন, আশরাফুল ইসলাম, সাজিবুর রহমান, রায়হান উদ্দিন। দলনেতা মোঃ হানিফ, ম্যানেজার মির্জা ফরিদ আহমেদ মিলু।