আগামী সপ্তাহে চ্যাম্পিয়নস লিগের শেষ আটের লড়াইয়ে প্যারিস সেইন্ট জার্মেই’র বিপক্ষে মাঠে নামছে বার্সেলোনা। আর গুরুত্বপূর্ণ এই ম্যাচের মাধ্যমে দীর্ঘদিন পরে কাতালান বেঞ্চে ফেরার আশাবাদ ব্যক্ত করেছেন কোচ টিটো ভিলানোভা।
নিউইয়র্কে দুই মাসের ক্যান্সারের চিকিত্সা শেষে চলতি সপ্তাহের শুরুতে ভিয়ানোভা স্পেনে ফিরেছেন। চলতি মৌসুমের শুরুতে পেপ গার্দিওলার জায়গায় বার্সেলোনার দায়িত্ব নেয়া ৪৪ বছর বয়সী ভিয়ানোভা কাতালানদের অনুশীলনে ফিরলেও শনিবারের লা লিগায় সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচে তাকে সেল্টার মাঠে যেতে নিষেধ করে দিয়েছেন চিকিত্সক। ভিয়ানোভার অনুপস্থিতিতে দলীয় কোচের দায়িত্ব পালন করা সহকারী কোচ জোর্দি রোরা এ সম্পর্কে বলেছেন, ভিগোতে না যাবার জন্য ভিলানোভা এবং তার চিকিত্সকের মধ্যে একটি সমঝোতা হয়েছে। যাতায়াত করাটা তার শরীরের জন্য খুব একটা ভাল হবে না। মাত্রই তিনি চিকিত্সা শেষে দেশে ফিরেছেন। আর তাই আগামী ৭-১০ দিন তাকে বিশ্রামে থাকতে হবে। আমরাও অপেক্ষা করতে চাই, কিন্তু সবকিছু উপেক্ষা করে তিনি অনুশীলনে উপস্থিত হয়েছেন। যেভাবে তার শারীরিক উন্নতি হচ্ছে তাতে প্যারিসে যাওয়ার শতভাগ সম্ভাবনা আছে।
ভিলানোভার অধীনে বার্সা লা লিগায় এবারের মৌসুমে দুরন্ত সূচনা করেছে। কিন্তু রোরা দায়িত্ব গ্রহণের পরে তাদের ধারাবাহিকতায় কিছুটা মন্থর গতি লক্ষ্য করা যাচ্ছে। বেশ কিছু ম্যাচে তারা পরাজিত কিংবা ড্র করেছে। এর মধ্যে উল্লে¬খযোগ্য ছিল চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে পরপর দুটি ম্যাচে পরাজয়।
আর তাই বস ফিরে আসায় সহকারী বেশ আনন্দিত। উচ্ছ্বসিত ভাষায় রোরা বলেছেন, টিটোর ফিরে আসা মানে অনেক কিছু। দলের প্রধান ফিরে আসছেন, এটা সবসময়ই গুরুত্বপূর্ণ। এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের একটি খবর। - বাসস
