ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি গত শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচ খেললেও মাত্র ৪৮ ঘন্টার মধ্যে দল দুটি আজ সোমবার স্টামফোর্ড ব্রিজে এফএ কাপের কোয়ার্টার ফাইনালে একে অপরের মোকাবেলায় নামছে।
ইংলিশ প্রিমিয়ার লিগে ইউনাইটেড ১-০ গোলে সান্ডারল্যান্ডকে হারালেও সাউদাম্পটনে গিয়ে ২-১ গোলে হেরে আসে চেলসি। উভয় দলই এফএ কাপের প্রস্তুতির জন্য স্বল্প সময় পেয়েছে দল দুটি। আজকের খেলায় জয়ী দল এফএ কাপের সেমিফাইনালে উঠে যাবে। সেখানে অপেক্ষা করছে প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি।
আগামী ১৪ এপ্রিল লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে সিটির মুখোমুখি হবে ইউনাইটেড ও চেলসির মধ্যকার জয়ী দল। এর আগে গত মাসে ওল্ড ট্র্যাফোর্ডে ইউনাইটেড-চেলসির মধ্যকার এ কোয়ার্টার ফাইনালটি ২-২ গোলে ড্র হয়েছিল। ফলে সেমিফাইনালে যাওয়ার টিকিট পেতে তাদের আবারো পুনরায় মুখোমুখি হতে হচ্ছে। সেই খেলায় ইউনাইটেড প্রথমার্ধ শেষে ২-০ গোলে এগিয়ে ছিল। কিন্তু পরের অর্ধে ঘুরে দাঁড়িয়ে সমতা এনেছিল চেলসি।
স্যার অ্যালেক্স ফার্গুসন সান্ডারল্যান্ডের খেলায় দলে বেশ কয়েকটি পরিবর্তন এনেছিলেন। ওয়েইন রুনি, রিও ফার্দিন্যান্ড এবং রায়ান গিগস এ কারণে দলের বাইরে ছিলেন। ফার্গুসন এফএ কাপ শিরোপার জন্য মরিয়া হয়ে আছেন। কেননা নয় বছর এই শিরোপার স্বাদ পায়নি রেড ডেভিলরা। ২০০৭ সালে ইউনাইটেড এফএ কাপ শিরোপার কাছাকাছি গেলেও ফাইনালে তারা চেলসির কাছে ১-০ গোলে পরাস্ত হয়েছিল।
চেলসি গত ছয় মৌসুমে চারটি এফএ কাপ শিরোপা জিতেছে। যদিও এফএ কাপের ইতিহাসে ইউনাইটেড সব চেয়ে সফল দল। ইউনাইটেড ১১ বার শিরোপা জয়ের বিপরীতে চেলসির অর্জন কেবল সাতটি এফএ কাপ শিরোপা।
সান্ডারল্যান্ডের বিরুদ্ধে জয়ের পর প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে দৃঢ় অবস্থানে রয়েছে ফার্গুসনের দল এবং তারা শিরোপার আরো কাছে চলে গেছে। ফার্গুসনের লক্ষ্য এখন নিজের ৬ষ্ঠ এফএ কাপ শিরোপা জয় করা।
শীর্ষে অবস্থান করা ইউনাইটেড প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের দ্বিতীয়স্থানে থাকা সিটি থেকে ১৫ পয়েন্টে এগিয়ে। লিগের আর আটটি খেলা রয়েছে। কিন্তু ইউনাইটেডের ২০তম ইংলিশ শিরোপা জয় করাটা এখন সময়ের ব্যাপার মাত্র। সিটি গত শনিবার ৪-০ গোলে নিউ ক্যাসলকে হারায়।
চেলসির অন্তর্বর্তীকালীন ম্যানেজার রাফায়েল বেনিতেজের জন্য অবশ্য সবকিছু এতটা মসৃণ নয়। গত মৌসুমে চেলসি চ্যাম্পিয়ন্স লিগ ও এফএ কাপ দুটি শিরোপাই ঘরে তুলেছিল। শনিবার সাউদাম্পটনের কাছে হারের পর তাদের পরের মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের মূল পর্বে খেলা নিয়ে সংশয় আছে। কারণ টটেনহ্যাম ২-১ গোলে সোয়ানসি সিটিকে হারানোয় চেলসি পয়েন্ট টেবিলের চারে নেমে গেছে। আন্দ্রে ভিলাস বোয়াসের দল টটেনহ্যাম উঠে গেছে তিন নম্বরে।
সাউদাম্পটনের মাঠ সেন্ট মেরিতে বেনিতেজ এডেন হ্যাজার্ড, অ্যাসলে কোল এবং ডেভিড লুইজকে মূল একাদশে রাখেননি। হারের পরও এই সিদ্ধান্তের পক্ষে বেনিতেজ। তিনি বলেন, ‘আমাদের একাদশটি পরিচালনা করতে হয়। প্রতিটি পজেশনের জন্য আমাদের বেশি একটা বিকল্প খেলোয়াড় থাকে না। তাই আমাদের যে খেলোয়াড় রয়েছে তাদের নিয়েই কাজ করতে হয়।’
চেলসির ম্যাচে পূর্ণ শক্তি নিয়েই নামবেন ফার্গুসন। এ প্রসঙ্গে তিনি বলেন,‘চেলসিতে কয়েকটি পরিবর্তন হতে পারে। ওয়েইনের পরিস্থিতি জানতে হবে। সে বেশ ক্লান্ত ছিল ইংল্যান্ডের হয়ে ম্যাচ খেলে (মন্টেনেগ্রোতে)। আমাদের রায়ান গিগস এবং জাভিয়ার হার্নান্দেজ রয়েছে। সান্ডারল্যান্ডের ম্যাচে খেলেননি এমন দুইজনকেও নেয়া যেতে পারে।’
প্রিমিয়ার লিগে গত শনিবার আর্সেনাল ৪-১ গোলে রিডিংকে হারিয়ে দেয়। প্রিমিয়ার লিগে ৩০ খেলা শেষে ৫৩ পয়েন্ট নিয়ে পাঁচে অবস্থান করছে আর্সেন ওয়েঙ্গারের দল।
