দুর্নীতি বিরোধী সমাজকর্মী আন্না হাজারে আগামী সাধারণ নির্বাচনকে সামনে রেখে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের বিরুদ্ধে সমর্থন জোরালো করতে গতকাল রবিবার অমৃতসর থেকে জনতন্ত্র যাত্রা শুরু করেছেন। এর আগে অল্প কিছু সমর্থক নিয়ে তিনি দুটি মন্দিরে প্রার্থনা করেন ও জালিয়ানওয়ালা বাগ শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। তার সঙ্গে ছিলেন সাবেক সেনা প্রধান ভিকে সিং। খবর এনডিটিভির।
জালিয়ানওয়ালা বাগের বাইরে সমাবেশে আন্না হাজারে বলেন, একমাত্র গণআন্দোলনই দেশে পরিবর্তন আনতে পারে। পাঁচ মাস পর দিল্লির রামলীলা ময়দানে বিরাট জনসমাবেশ আয়োজন করা হবে উল্লেখ করে আন্না হাজারে বলেন, সেখানেই এই দুর্নীতিবাজ সরকারের ভাগ্য নির্ধারণ হয়ে যাবে। দুর্নীতি বিরোধী কঠোর লোকপাল বিল পাস না করে ইউপিএ সরকার প্রতারণা করেছে। সরকারের বিরুদ্ধে জনমত জোরালো করতে জনতন্ত্র যাত্রার ব্যানারে ২৫ দফা দাবি বাস্তবায়নের জন্য সমাবেশ আয়োজন করা হচ্ছে। তার জনতন্ত্র যাত্রার প্রথম পর্যায়ে তিনি পাঞ্জাবে ৮টি জনসভায় বক্তব্য রাখবেন।
লোকপাল বিল নিয়ে আন্দোলনে ভাটা পড়লে ও তার ঘনিষ্ঠ সহযোগী অরবিন্দ কেজরিওয়াল রাজনৈতিক দল গঠনের পর আন্না হাজারে জনতন্ত্র মোর্চা গঠন করেন।
