মহানবীকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে ৮৪ ব্লগারের তালিকা পেশ

আপডেট : ৩১ মার্চ ২০১৩, ২২:৫২
ইসলাম ধর্ম ও মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে ব্লগার ও ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে ৯টি ব্লগের ৮৪ জনের তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করেছেন দৈনিক আল ইহসান পত্রিকার সম্পাদক মাহবুব আলম আরিফ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর নির্দেশে গঠিত নয় সদস্যের কমিটির সঙ্গে রবিবার দেশের আলেম সমাজের বৈঠকে কমিটির সভাপতি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাইনউদ্দিন খন্দকারের কাছে এ তালিকা হস্তান্তর করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাইনউদ্দিন খন্দকার সাংবাদিকদের জানান, ইসলাম ধর্ম ও মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে আপত্তিকর মন্তব্যকারীদের সুনির্দিষ্ট তথ্য প্রমাণ চেয়েছেন আলেম সমাজের কাছে। ইতিমধ্যে এই কমিটির কাছে বেশ কিছু অভিযোগ জমা পড়েছে। এগুলো দ্রুত আইন প্রয়োগকারী সংস্থার কাছে পাঠানো হবে অনুসন্ধানের জন্য। পরবর্তীতে এদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেয়া হবে। সভায় আইন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবু আহম্মেদ জমাদার বলেন, ঢাকায় একমাত্র সাইবার ক্রাইম ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। এ ট্রাইব্যুনালে বিচারক নিয়োগের চেষ্টা চলছে। এছাড়াও দেশের অন্য আদালতেও বিচার কাজ শুরু করা সম্ভব দেশের প্রচলিত আইনেই।