সুপার কাপ ফুটবল মে মাসে

আপডেট : ০১ এপ্রিল ২০১৩, ২১:৩২
স্পোর্টস রিপোর্টার জাতীয় ফুটবল দল নেপালে চ্যালেঞ্জ কাপ ফুটবল খেলতে গিয়েছিল। এরপর ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে স্বাধীনতা কাপ ফুটবল। এ কারণে প্রায় এক মাস ধরে স্থগিত পেশাদার ফুটবল গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার লীগ। লীগের অবশিষ্ট খেলা আগামী ৬ এপ্রিল শুরু হবে। গতকাল পেশাদার লীগ কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে অবশিষ্ট চার রাউন্ডের খেলা শুরু করার। তবে এই সভায় সিদ্ধান্ত হয়েছে সুপার কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু করার। আগামী মে মাসের দ্বিতীয় সপ্তাহে সুপার কাপ ফুটবল মাঠে গড়ানোর সিদ্ধান্ত হয়েছে গতকাল। আট দল নিয়ে সুপার কাপ ফুটবল শুরু হবে বলে গতকাল বাফুফে জানিয়েছে। পেশাদার লীগের শীর্ষ আট দল নিয়ে টুর্নামেন্ট হবে। অনেকদিন ধরেই এই টুর্নামেন্টটি আয়োজন করার কথাটা শুধু মুখে মুখে বলে আসছিলেন বাফুফের কর্মকর্তারা। গতকাল সেটা সভা করে সিদ্ধান্ত নিলেন তারা। ২০০৯ সালে প্রথম সুপার কাপ ফুটবলে মোহামেডান এবং ২০১১ সালে দ্বিতীয় সুপার কাপ ফুটবলে আবাহনী চ্যাম্পিয়ন হয়।