দেশে যা ঘটছে তা নোংরা রাজনীতির ফসল

আপডেট : ০১ এপ্রিল ২০১৩, ২১:৩৮
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীরসাহেব চরমোনাই বলেছেন, মানুষ হত্যা, বাড়ি-ঘর প্রতিষ্ঠান জ্বালিয়ে দেয়া, পুলিশের উপর হামলা ও বিরোধী দলের অফিসে গুলিবর্ষণ চরম বর্বরতার শামিল। দেশে যা ঘটছে তা নোংরা রাজনীতির ফসল। যতদিন দেশে এ নোংরা রাজনীতি থাকবে ততদিন খুন, গুম, হানাহানি, নৈরাজ্য চলতেই থাকবে। সোমবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। পীরসাহেব চরমোনাই বলেন, নোংরা রাজনীতি তার ধারক-বাহক ও সেবাদাসদের কখনই আল্লাহভীরু, সত্ দেশপ্রেমিক বানায় না। উল্টো দুর্নীতিবাজ, সন্ত্রাসী, স্বৈরাচারী, ভোগবাদী আর কায়েমী স্বার্থবাদী বানায়। যতদিন সুস্থ ও সঠিক ধারার রাজনীতি প্রতিষ্ঠিত না হবে ততদিন দেশ ধ্বংসের দিকে ধাবিত হতেই থাকবে। দেশের এ মহাপ্রলয় থেকে বাঁচতে হলে ও সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র গড়তে হলে দেশপ্রেমিক ও ঈমানদার জনতার ঐক্য অপরিহার্য। তিনি মিয়ানমারে মুসলিম গণহত্যা, জ্বালাও-পোড়াও বন্ধে আগামী বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর হাউজবিল্ডিং চত্বরে জমায়েত ও গণমিছিলসহ ঢাকাস্থ জাতিসংঘ দূতাবাসে স্মারকলিপি পেশ সফল করতে সকলের প্রতি আহ্বান জানান।