লা লিগা’র স্বপ্ন এখন অনেকটাই ধূসর গতবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের। বার্সেলোনার সাথে ১৩ পয়েন্ট পিছিয়ে থেকে লা লিগার শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন না কোচ হোসে মরিনহোও। তার লক্ষ্য উয়েফা চ্যাম্পিয়ন্স লিগকে ঘিরে। আজ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বুধবার তুরস্কের ক্লাব গ্যালাতাসারের মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদের। আর এ ম্যাচ দিয়েই গোল খরা কাটাতে চান স্প্যানিশ ক্লাবটির পর্তুগীজ কোচ।
গোলের সুবর্ণ সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারছেন না রিয়াল মাদ্রিদের স্ট্রাইকাররা। ফলে ম্যাচ জয়ের স্বাদ পেতে বেশ ঘাম ঝরাতে হচ্ছে লস ব্ল্যাঙ্কোসদের। এমনকি ড্র’ও মেনে নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের। আর যদি আরও একটু পিছনের দিকে চোখ বুলানো যায় তবে স্পষ্টভাবেই দেখা যাচ্ছে, স্ট্রাইকারদের ফর্মহীনতার কারণেই স্প্যানিশ লিগের মাঝ পথেই শিরোপা জয়ের আশা ছেড়েই দেন কোচ মরিনহো। গত শনিবার শেষ লিগ ম্যাচেও রিয়াল জারাগোজার সাথে ১-১ গোলে ড্র করেছে তারা।
চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সাথে পয়েন্টের ব্যবধান কমিয়ে সুযোগটাকে কাজে লাগাতে পারেনি তারা। জয় না পাওয়ায় দলের স্ট্রাইকারদেরই দোষ দিয়েছেন কোচ মরিনহো। তাই চ্যাম্পিয়ন্স লিগের প্রথম লেগে সেই গোলের খড়া কাটাতে চান মরিনহো, ‘দলের স্ট্রাইকারদের নিয়ে বেশ চিন্তিত টিম ম্যানেজমেন্ট। ক্রিশ্চিয়ানো রোনালদো ছাড়া অন্য কেউই গোল পাচ্ছেন না। এর মধ্যে আছেন করিম বেনজামা ও গঞ্জালো হিগুয়েন। তবে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে এমনটা হলে সমস্যা সবচেয়ে বেশি হবে দলেরই। গোল না পাওয়ার বেড়াজাল থেকে বের হয়ে আসতে হবে এবং গোল করতে হবে স্ট্রাইকারদেরই।’
চলতি মৌসুমে এখন পর্যন্ত ৪৩ গোল করেছেন রোনালদো। এরমধ্যে লা লিগায় ২৮টি ও চ্যাম্পিয়ন্স লিগে ৮টি গোল করেন রোনালদো। তবে দলের আরও দুই স্ট্রাইকার বেনজামা ও হিগুয়েনের পারফরম্যান্সে মোটেও খুশি হতে পারছেন রিয়াল কোচ মরিনহো, ‘ফর্মটা মোটেও ভালো যাচ্ছে না বেনজামা ও হিগুয়েনের। ফলে সমস্যায় পড়তে হচ্ছে দলের। দলের মূল স্ট্রাইকাররাই যদি গোল করতে ব্যর্থ হয় তবে তো ম্যাচ জয়টা কঠিনই হয়ে যায়। রোনালদো গোল করার ধারাবাহিকতা অব্যাহত রেখেছে। কিন্তু একজনের উপর তো পুরোপুরি নির্ভর করা যায় না।’
নিজ দল সম্পর্কে কথা বলা ছাড়াও প্রতিপক্ষ গ্যালাতাসারকে নিয়ে নিজের অভিমত ব্যক্ত করেছেন মরিনহো, ‘দল হিসেবে খুবই শক্তিশালী গ্যালাতাসারে। তাদের খুবই উঁচু মানের কোচ আছে। তুরস্কে তার (ফাতি তারিম) খুব সুনাম রয়েছে। আর ঐ দলেও বেশ নামি-দামি ফুটবলার আছে। দিদ্রিয়ার দ্রগবা, ওয়েসলি স্নাইডার ও ইমানুয়েল ইবায়ু খুবই ভালো খেলোয়াড়। তাই আমার মনে হচ্ছে ম্যাচটি বেশ কঠিনই হবে।’ শেষ ষোলোর লড়াইয়ে কঠিন পরীক্ষা দিয়ে কোয়ার্টার ফাইনালে নাম লিখিয়েছে গ্যালাতাসারে।
শালকের বিপক্ষে দুই লেগ মিলিয়ে ৪-৩ গোলে ম্যাচ জিতে শেষ আটের টিকিট পায় তারা। তবে শেষ আটে আরও কঠিন পরীক্ষা দিতে হবে বলে মনে করেন নেদারল্যান্ডের মিডফিল্ডার স্নাইডার, ‘এ ম্যাচটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ প্রতিপক্ষের মাঠে গিয়ে খেলতে হচ্ছে আমাদের। অ্যাওয়ে ম্যাচ থেকে যদি আমরা ভালো কিছু আনতে পারি, তবে হোম ম্যাচে ভালো সুবিধাই পাবো আমরা। কিন্তু খুব সহজে ম্যাচে ভালো কিছু অর্জন করতে পারবো না। কারণ দল হিসেবে কঠিন প্রতিপক্ষ রিয়াল।’
ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানে বর্তমান রিয়াল কোচ হোসে মরিনহোর তত্ত্বাবধানেই খেলেছিলেন স্নাইডার। আর এবার মরিনহোর দলের বিপক্ষেই খেলতে নামছেন তিনি। তাই মরিনহোর সম্পর্কে নিজের অভিমত জানাতে গিয়ে স্নাইডার বলেন, ‘সে আমার কাছে খুবই বিশেষ একজন মানুষ। কোচ হিসেবে সে অবিশ্বাস্যরকম ভালো। তার তত্ত্বাবধানে থাকা অবস্থায় আমি অনেক কিছু শিখতে পেরেছি। যা আমি কোনদিনও ভুলতে পারবো না।’ - বাসস/এএফপি
