আইপিএলে আজ থেকে ব্যাট-বলের লড়াই

আপডেট : ০২ এপ্রিল ২০১৩, ২২:০৪
গতকালই যথারীতি চোখ ধাঁধানো নাচ-গান, আলোর খেলার ভেতর দিয়ে উদ্বোধন হয়ে গেছে ষষ্ঠ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। শাহরুখ খান, ক্যাটরিনা কাইফদের পারফরম্যান্স আর আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন র্যাপার পিটবুলের সঙ্গীতের সাথে নানা আয়োজনের মধ্যদিয়ে সল্ট লেকের যুবভারতী স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের পর্দা উঠেছে। তবে এসবই ছিল ক্রিকেটের বাইরের ব্যাপার স্যাপার। ক্রিকেটের ভেতর দিয়ে আজ আসলে শুরু হচ্ছে ষষ্ঠ আইপিএল। কলকাতার ইডেন গার্ডেনে বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স ও দিল্লী ডেয়ারডেভিলসের ম্যাচ দিয়ে আজ শুরু হচ্ছে টুর্নামেন্টের মূল লড়াই। সেই সঙ্গে বিশ্বক্রিকেট অর্থনীতি ও সূচী বদলে দেয়া এই টুর্নামেন্ট আরো একবার আজ থেকে আচ্ছন্ন করে ফেলবে ক্রিকেটকে। ভারতীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআইয়ের সর্বকনিষ্ঠ সহ-সভাপতি এবং পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাবেক সহ-সভাপতি লোলিত মোদির মস্তিষ্কপ্রসূত এই টুর্নামেন্ট ২০০৮ সালে যাত্রা শুরু করে। প্রথম আসরেই ক্রিকেট বিশ্বের প্রায় সব সুপারস্টারের অংশগ্রহণে সাফল্যের মুখ দেখে এই টুর্নামেন্ট। প্রথম কয়েকটি আসর একটু মুখ ফিরিয়ে থাকার পর যোগ দিতে থাকেন অ্যান্ড্রু ফ্লিনটফ, কেভিন পিটারসেন, মাইকেল ক্লার্করাও। শীঘ্রই মাঠে দলগুলোর তুমুল প্রতিযোগিতার পাশাপাশি মাঠের বাইরেও আইপিএলের টিভি স্বত্ব আর স্পন্সরশিপ নিয়ে কর্পোরেট হাউজগুলোর মধ্যে শুরু হয় আরেক যুদ্ধ। আর যার ফলাফল স্বরূপ ফুলে ফেপে উঠতে থাকে বিসিসিআইর ব্যাঙ্ক অ্যাকাউন্ট। ক্রিকেট পাগল ভারতকে অর্থ আর ক্ষমতায় ক্রিকেট বিশ্বের শীর্ষে তুলে দেয়ায় আইপিএলের বিশাল অবদানকেও অস্বীকার করা যাবে না কোন মতেই। ক্রিকেট বিশ্বের নামী-দামী সব খেলোয়াড়দের ভিড়ে প্রায় অখ্যাত এক দল নিয়ে রাজস্থান রয়্যালসকে প্রথম আসরের শিরোপা জেতান শেন ওয়ার্ন। এরপরে দ্বিতীয় আসরের শিরোপা জেতে প্রথম আসরে পয়েন্ট তালিকায় সবচেয়ে নিচের দল ডেকান চার্জার্স। টুর্নামেন্টের প্রথম মৌসুম থেকেই দারুণ ধারাবাহিক মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস জিতে নেয় টুর্নামেন্টের পরের দুইটি আসর। আর কলকাতা তো বটেই, বাংলাদেশেরও সমর্থনপুষ্ট দল কলকাতা নাইট রাইডার্স জেতে সর্বশেষ আসরটি। দলটির হয়ে টুর্নামেন্টের গত আসরে মাঠ মাতান বাংলাদেশেল সাকিব আল হাসান। নতুন দল পুনে ওয়ারিয়র্সে খেলার কথা ছিল বাংলাদেশ জাতীয় দলের ওপেনার তামিম ইকবালেরও। তবে শেষ পর্যন্ত মাঠে নামা হয়নি তার। তবে এখনো পর্যন্ত পাওয়া তথ্য মতে এবার হয়তো দলে তার সুযোগ মিলছে। জিম্বাবুয়ে সফরের অবশ্য কারনে টুর্নামেন্টের প্রথম দিকের কয়েকটি বেশিরভাগ ম্যাচই দুজনেই মিস করবেন। বরাবরের মতোই এবারেও নিলামে অপ্রত্যাশিত ঝড় তুলেছেন বেশ কয়েকজন খেলোয়াড়। অস্ট্রেলিয়ার তরুণ স্পিনিং অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলকে দশ লাখ মার্কিন ডলারে কিনে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। সোয়া ছয় লাখ ডলারে সাচিত্রা সেনা নায়েকেকে দলে ভিড়িয়েছে নাইট রাইডার্স। প্রায় দু’মাসব্যাপী অনুষ্ঠেয় এই টি-টোয়েন্টি মহাযজ্ঞে মোট নয়টি দল অংশ নেবে ৭৬টি ম্যাচে। নতুন দল হিসেবে নাম লিখিয়েছে ডেকান সানরাইজার্স। আগের আসরগুলোর এবারেও খেলা হবে হোম এ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে। ওয়েবসাইট।