রয়টার্স
ভেনেজুয়েলার অস্থায়ী প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো মঙ্গলবার প্রয়াস সমাজতান্ত্রিক নেতা হুগো শ্যাবেজের জন্মস্থান পরিদর্শন করেছেন। সেখানে শ্যাবেজের সম্মানে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। চলতি মাসের ১৪ এপ্রিল ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন শ্যাবেজের উত্তরসূরি মাদুরো।
“আমরা শ্যাবেজকে আমাদের পিতা বলে বিবেচনা করি। তিনি আমাদের জীবনে নিশ্চয়তা এনেছেন, সে কারণেই আমরা এখানে তার জন্মস্থানে, আমরা কখনোই তাকে পরাজিত হতে দেব না, এ শপথ নিতে এসেছি,” শ্যাবেজের জন্মস্থান সাবানেতা গ্রামে এক জনসভায় দাঁড়িয়ে বলেন, ৫০ বছর বয়সী প্রেসিডেন্ট প্রার্থী মাদুরো। মাদুরো আরো বলেন, “তিনি আদেশ দিয়েছেন, তাই আমি এই দেশের প্রেসিডেন্ট হতে যাচ্ছি।” মঙ্গলবার সাবানেতা থেকে মাদুরোর নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়েছে। নির্বাচন পূর্ব জরিপে তার বিজয়ের আভাস পাওয়া যাচ্ছে। জরিপ অনুযায়ী মাদুরো প্রতিদ্বন্দ্বী পশ্চিমাপন্থী প্রার্থী হেনরি ক্যাপ্রিলেসকে ১১ থেকে ২০ শতাংশ ভোটে পরাজিত করবেন বলে ধারণা পাওয়া যাচ্ছে।
মঙ্গলবার থেকে ১০ দিনের চূড়ান্ত নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। যদিও উভয় প্রার্থী আরও আগে থেকেই নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। শ্যাবেজের ১৪ বছরের শাসনের পর এই প্রথম শ্যাবেজবিহীন ভেনেজুয়েলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। দুই বছর ক্যান্সারের সঙ্গে লড়াই করার পর গত ৫ মার্চ মৃত্যুবরণ করেন ভেনেজুয়েলার ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় প্রেসিডেন্ট হুগো শ্যাবেজ।
