ফেডারেশন কাপ ও স্বাধীনতা কাপের শিরোপা তুলে নেয়ার পর শেখ রাসেল ক্রীড়া চক্রের লক্ষ্য এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হওয়া। দীর্ঘ বিরতির পর আগামি শনিবার থেকে দেশের পেশাদার লিগটি শুরু হবে।
শেখ রাসেলের কোচ মারুফুল হক তার আগে এ প্রত্যয় ব্যক্ত করেন। তিনি মনে করেন জয়ের ফলে বাংলাদেশ লিগের বাকি ম্যাচগুলোতে খেলোয়াড়রা মানসিকভাবে এগিয়ে থাকবে। লিগে তাদের আর যে চারটি খেলা বাকি তার মধ্যে প্রতিপক্ষ হিসাবে আছে ব্রাদার্স ইউনিয়ন, ফেনীর সকার ক্লাব, আরামবাগ ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব। এর মধ্যে শেখ জামালই শিরোপা লড়াইয়ের ক্ষেত্রে আবারো তাদের মূল প্রতিপক্ষ। এ প্রসঙ্গে তিনি গতকাল বুধবার একটি ক্রীড়া ওয়েবসাইটকে বলেন,‘তাদের (শেখ জামাল) কাছে এখনো আমরা হারিনি।’
বাংলাদেশ লিগে বর্তমানে ১২ খেলায় ২৬ পয়েন্ট নিয়ে শেখ রাসেল আছে দ্বিতীয় স্থানে। ১৩ খেলায় ২৮ পয়েন্ট পেয়ে শীর্ষে আছে চারবারের চ্যাম্পিয়ন আবাহনী।
ফেডারেশন ও স্বাধীনতা কাপ টুর্নামেন্টের শিরোপা জয়ের ব্যাপারে প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়েছিল সামপ্রতিক সময়ের সাড়া জাগানো এই কোচের কাছে। এ ব্যাপারে তিনি বলেন,‘ফেডারেশনের কাপের চেয়ে স্বাধীনতা কাপ একটু কঠিনই ছিল। ফেডারেশন কাপের শেখ জামালের চাইতে স্বাধীনতা কাপের জামাল অনেক বেশি পরিণত ও আরো অনেক শক্তিশালী। স্বভাবতই এ ট্রফি পেতে বেশি ঘাম ঝরাতে হয়েছে।’
এদিকে গত মঙ্গলবার শ্বাসরুদ্ধকর ফাইনালে শেখ জামালকে ৩-২ গোলে হারিয়ে ফেডারেশন কাপ জয়ের পর শেখ রাসেলের শিবিরে এখন আনন্দের হাওয়া বইছে। মৌসুমের দুইটি শিরোপা ঘরে তোলার কারণে এমন উচ্ছ্বাসই স্বাভাবিক। তাছাড়া প্রথমবারের মত স্বাধীনতা কাপ ফুটবলের শিরোপা জিতেছে শেখ রাসেল। এবার তারা শক্তিশালী দল গড়ে মাঠের খেলাতেও তার প্রমাণ দিয়েছে।
