ঘরে ফিরলেন রাইডার

আপডেট : ০৩ এপ্রিল ২০১৩, ২১:৩৭
নিউজিল্যান্ডের ক্রিকেটার জেসি রাইডার গতকাল বুধবার হাসপাতাল থেকে ছাড়া পেয়ে ওয়েলিংটনে নিজের বাসায় ফিরে এসেছেন। রাইডারের ম্যানেজার অ্যারন লি এ তথ্য জানিয়েছেন ইএসপিএন ক্রিকইনফোকে দেয়া এক সাক্ষাত্কারে। গত মার্চ মাসের ২৭ তারিখ রাতে ক্রাইস্টচার্চের মেরিভেইলে একটি পানশালার সামনে রাইডার অল্প সময়ের ব্যবধানে দুই বার আততায়ীদের দ্বারা আক্রান্ত হন। মাথায় এবং ফুসফুসে গুরুতর আঘাতপ্রাপ্ত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শুরুতে কোমাতেই চলে যান নানা বিতর্কের জন্য বহুল আলোচিত এই ক্রিকেটার। চেতনাবিহীন অবস্থায় কয়েকদিন কাটানোর পরে ৩০ তারিখ তিনি পুরোপুরি চেতনা ফিরে পান। বাঁহাতি এই ব্যাটসম্যানের শারীরিক অবস্থার আশানুরূপ উন্নতি ঘটায় চিকিত্সকরা গতকাল তাকে হাসপাতাল থেকে বাসায় যাওয়ার অনুমতি দেন। লি বলেন, ‘আজ বিকালে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে এবং সন্ধ্যায়ই সে ওয়েলিংটনে উড়ে এসেছে। সে এখন বাসাতেই বিশ্রাম নিচ্ছে। এখনো পুরোপুরি সেরে না উঠলেও বাসায় ফিরতে পেরে সে আনন্দিত।’ এদিকে রাইডারের উপর হামলার অভিযোগে গ্রেফতারকৃত ২০ এবং ৩৭ বছর বয়সী দুই ব্যক্তি আজ ক্রাইস্টচার্চ আদালতে হাজির হবেন। আদালতে হাজির হওয়ার শর্ত সাপেক্ষেই তাদের জামিন দেয়া হয়েছিল। ওয়েবসাইট।