বার্সেলোনা প্যারিসে গিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে পয়েন্ট খুইয়ে এলেও স্পানিশ জায়ান্টদের দুশ্চিন্তা এখন লিওনেল মেসিকে নিয়ে। কেননা প্যারি সেন জার্মেইর বিরুদ্ধে প্রায় জেতা ম্যাচটি ২-২ গোলে ড্র বাধ্য হওয়ার পাশাপাশি দুই আর্জেন্টাইন মেসি ও জাভিয়ের ম্যাসেরানো এই খেলায় ইনজুরির কবলে পড়েন। ম্যাসেরানো ছয় সপ্তাহ খেলতে পারবেন না। অপরদিকে মেসি স্পানিশ লিগে মায়োর্কার বিরুদ্ধে খেলতে পারবেন না। গত রাতে এক্সরে রিপোর্ট পাওয়ার পর এমনটাই জানানো হয়েছে ক্লাবটির ওয়েবসাইটে।
প্যারি সেন জার্মেই (পিএসজি) অবশ্য গত বৃহস্পতিবার রাতে নিজেদের মাঠে অনুষ্ঠিত খেলাটিতে দুই দফায় পিছিয়ে পড়েও ড্রয়ে সক্ষম হয়। অপর কোয়ার্টার ফাইনালে গতবারের ফাইনালিস্ট বায়ার্ন মিউনিখ নিজ মাঠে জুভেন্তাসকে ২-০ গোলে হারিয়ে শেষ চারে ওঠার পথে অনেকখানি এগিয়ে থাকলো। এদিকে গত রাতে স্পেনে অনুষ্ঠিত প্রতিযোগিতার অপর দুই কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছে রিয়াল মাদ্রিদ-গালাতাসারায় এবং মালাগা ও বরুশিয়া ডর্টমুন্ড।
চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে এ নিয়ে ষষ্ঠবারের মতো পিছিয়ে পড়েও ড্র কিংবা জয়ে সক্ষম হলো পিএসজি। এর মধ্যে তিনবার আবার বার্সেলোনার বিরুদ্ধে। প্যারিসের দলটিকে ৯৪ মিনিটে ড্র এনে দেন ব্লেইজ মাতুউইদি। কিন্তু ফ্রান্স জাতীয় দলের এই মিডফিল্ডার আগামী বুধবার বার্সেলোনার মাঠে ফিরতি খেলায় অংশ নিতে পারবেন না হলুদ কার্ড পাওয়ায়। পিএসজি সর্বশেষ সেমিফাইনালে খেলেছিল ১৯৯৫ সালে। সেবারও তারা শেষ আটে বার্সেলোনাকেই হারিয়েছিল। বার্সেলোনা অবশ্য এই রাতে নির্ধারিত সময়ের খেলায় জয়ের পথেই ছিল। কিন্তু ইনজুরি সময়ে জ্লাতান ইব্রাহিমোভিচের পাসে নিচু শটে স্পানিশ জায়ান্টদের গোলরক্ষক ভালদেজকে পরাস্ত করেন মাতুউইদি। নইলে স্বাগতিকদের ভাল সূচনার পরও ৩৮ মিনিটে গোলের খাতা খোলেন মেসি। চলতি মৌসুমের হিসেবে এটি তার ৫৭তম গোল। কিন্তু এর আট মিনিটের মধ্যেই ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে টান পড়ার কারণে মাঠ ছাড়তে হয় আর্জেন্টিনা অধিনায়ক মেসিকে।
আর্জেন্টাইন স্ট্রাইকারটির ইনজুরি নিয়ে দুশ্চিন্তায় পড়েছে বার্সেলোনা। গত রাতে ডাক্তারি পরীক্ষার পর জানা গেছে আপাতত লা লিগার পরবর্তী খেলাটির জন্য পাওয়া যাবে না মেসিকে। এমনকি এর পরের খেলাগুলোয় অংশ নেয়াও নির্ভর করবে মেসি কতটা দ্রুত সেরে উঠতে পারেন তার ওপর। ২০০৮ সালে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে গ্লাসগো সেল্টিকের বিরুদ্ধে খেলার সময় ইনজুরিতে পড়েছিলেন মেসি। সেবার তাকে পাচ সপ্তাহ খেলার বাইরে থাকতে হয়েছিল। এছাড়া ২০০৯ সালের নভেম্বরে বার্সেলোনার হয়ে এবং ২০১১ সালে দেশের হয়ে একবার ইনজুরির কবলে পড়েছিলেন তিনি।
মেসিহীন বার্সেলোনা বিরতির পর আর আগের মতো চড়াও হয়ে খেলতে পারেনি। এরই সুযোগে খেলা শেষ হওয়ার ১১ মিনিট আগে গোল পেয়ে যান ইব্রাহিমোভিচ। এ নিয়ে চলতি মৌসুমে পিএসজির হয়ে ৩০তম গোল করলেন তিনি। কিন্তু নির্ধারিত সময়ের এক মিনিট আগে জাভি হার্নান্দেজ পেনাল্টি থেকে গোল করলে নিশ্চিত প্রায়ই ছিল ক্যান্সার চিকিত্সা শেষে আবার দলের দায়িত্ব নেয়া টিটো ভিলানোভার দল। কিন্তু মাতুউইদির লক্ষ্যভেদী শটে কপাল পোড়ে অতিথিদের।
ভিলানোভার উপস্থিতির পরও খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে তার সহকারী জোর্ডি রৌরা জয় নিয়ে ফিরতে না পারার কারণে হতাশা ব্যক্ত করেন। তিনি বলেন,‘লিও মেসি ও ম্যাসেরানোকে হারানোর কারণে আমাদের অনেক বেশি প্রায়শ্চিত্ত করতে হলো। ম্যাসেরানো ছয় সপ্তাহ খেলতে পারবেন না। মেসির ব্যাপারে বুধবার স্ক্যান শেষে আমরা জানতে পারবো।’
তিনি আরো বলেন, ‘এছাড়াও রেফারির কিছু সংশয় জাগানো সিদ্ধান্ত আছে। তবে বিতর্ক এড়িয়েও যা বলা যায় তা হলো আমরা জয়ের যোগ্য ছিলাম। এর মধ্যে আবার ইবরার (ইব্রাহিমোভিচ) গোলটি ছিল নিশ্চিতভাবেই অফসাইড।’ পিএসজি কোচ কার্লো অ্যানচেলোত্তি এ ড্রয়ে তার খেলোয়াড়দের নিয়ে প্রশংসা করেন। তিনি বলেন, ‘আমি মনে করি না যে, এটা ভাল ফল। তারপরও আমি খেলোয়াড়দের তাদের পারফর্মেন্স, মানসিকতা ও দেখানো সাহস নিয়ে গর্বিত। যদিও আমি ফল নিয়ে সন্তুষ্ট নই।’
এদিকে শেষ আটের অন্য খেলায় নিজেদের মাঠে এগিয়ে থাকায় সন্তোষ প্রকাশ করেন বায়ার্ন মিউনিখ চেয়ারম্যান। জার্মান ক্লাবটি প্রথম মিনিটেই ডেভিড আলাবার গোলে এগিয়ে যায়। এরপর ৬১ মিনিটে থমাস মুলারের গোলে ইতালিয়ান জায়ান্ট জুভেন্তাসের বিরুদ্ধে ব্যবধান ২-০ করে নেয় মিউনিখ।
বায়ার্ন চেয়ারম্যান কার্ল হেইঞ্জ রুমেনিগে বলেন, ‘এটা ছিল অসাধারণ এক খেলা। শুধু তাই নয়, তুরিনে আগামী সপ্তাহে ফিরতি লেগে অংশ নেয়ার আগে এটা ভাল একটা ফল।’ কিন্তু জুভেন্তাসের প্লে মেকার আন্দ্রে পিরলো জানান দেন এখনো সবকিছু শেষ হয়ে যায়নি। তিনি বলেন, ‘আমরা জানি এখনো ফিরতি লেগ খেলতে হবে এবং আমরা নিশ্চিতভাবেই ঘুরে দাঁড়ানোর আশা করতে পারি।’এএফপি
