স্পোর্টস ডেস্ক
হার্ড কোর্ট থেকে ক্লে কোর্টে গিয়ে মানিয়ে নিতে একদমই সময় নিলেন না সেরেনা উইলিয়ামস। মিয়ামিতে হার্ড কোর্ট টুর্নামেন্টে নিজের ষষ্ঠ শিরোপা জয়ের তিনদিন পরেই গত মঙ্গলবার ফ্যামিলি সার্কেল কাপ টেনিসে জয় তুলে নিলেন। এদিন নিজের প্রথম ম্যাচে ক্যামিলা গিওর্গিকে ৬-২, ৬-৩ গেমে উড়িয়ে দিয়ে ক্লে কোর্ট টুর্নামেন্টটিতে জয় দিয়েই যাত্রা শুরু করলেন তিনি।
মিয়ামি মাস্টার্স টুর্নামেন্টের পরে এ বছর নিজের দ্বিতীয় শিরোপার লক্ষ্য নিয়ে ফ্যামিলি সার্কেল কাপ টেনিসে খেলতে নামা সেরেনার জন্য এদিন প্রতিপক্ষের চেয়ে বড় চ্যালেঞ্জ ছিল ক্লে কোর্টে নিজেকে মানিয়ে নেয়ার ব্যাপারটা। ম্যাচের শুরুতে একটু আড়ষ্টও লাগছিলো তাকে। তবে সময় গড়ানোর সাথে সাথেই নিজের সহজাত খেলাটা ফিরে পেতে থাকেন এই আমেরিকান। শেষ পর্যন্ত অবশ্য বড় কোন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়নি তাকে। ১ ঘণ্টা ২২ মিনিটেই ম্যাচের ইতি ঘটান মহিলা এককের নাম্বার ওয়ান।
তবে সহজ জয় পেলেও নিজের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট নন সেরেনা। ম্যাচ শেষে তিনি বলেন, ‘এটা আমার জন্য মোটেই ভাল কোন ম্যাচ ছিল না। সত্যি বলতে কি, নিজের পারফরম্যান্সে আমি সন্তুষ্ট নই। আমি কোর্টে সুস্থির হতে চাইছিলাম। তবে আমার স্বাভাবিক খেলাটা আজ খেলতে পারিনি।’
তবে বাজে পারফরম্যান্সের পেছনে ব্যস্ত টেনিস সূচিকেই অনেকাংশে দায় দিচ্ছেন উইলিয়ামস বোনদের ছোট জন। তিনি বলেন, ‘টুর্নামেন্ট শুরুর আগে মাত্র একদিন অনুশীলন করতে পেরেছি। তবে আশা করছি বাকি ম্যাচগুলোয় আরো ভালো খেলবো এবং ক্লে কোর্টে মৌসুমটা ভালোই যাবে আমার।’
তৃতীয় রাউন্ডে সেরেনার প্রতিপক্ষ হবেন টুর্নামেন্টের ১৫তম বাছাই জার্মানির সাবিনে লিসিচকি অথবা তারই স্বদেশি মালোরি বারদেতে।
