সেই স্ট্রাইকাররাই জেতালেন মাদ্রিদকে

আপডেট : ০৪ এপ্রিল ২০১৩, ২১:৪৬
ম্যাচের একদিন আগেই হোসে মরিনহো দুশ্চিন্তায় ছিলেন দলের স্ট্রাইকারদের নিয়ে। আরো স্পষ্ট করে বললে গঞ্জালো হিগুয়েন ও করিম বেনজেমাকে নিয়ে। তবে তুরস্কের ক্লাব গ্যালাতাসারের বিপক্ষে ৩-০ গোলে জয় পাওয়ার পর নির্ভার হতেই পারেন রিয়াল মাদিদের এই পর্তুগিজ কোচ। বুধবার রাতে হোম ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদো ও উক্ত দুই স্ট্রাইকারের গোলেই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের পথে একধাপ এগিয়ে গেল স্প্যানিশ ক্লাবটি। আরেক কোয়ার্টার ফাইনালে গোলশূন্য ড্র করেছে বরুশিয়া ডর্টমুন্ড ও মালাগা। স্যান্টিয়াগো বার্নাব্যুতে ম্যাচের প্রথম ৩০ মিনিটের মধ্যেই দুই গোল পেয়ে বেশ সহজ জয়ের দিকেই এগিয়ে যেতে থাকে রিয়াল মাদ্রিদ। নয় মিনিটে রোনালদোর গোলে প্রথমবারের মত লিড নেয় স্বাগতিকরা। এরপর ২৯ মিনিটে অনেকদিন পর বেনজেমার গোল দ্বিগুণ ব্যবধানে এগিয়ে যায় স্প্যানিশ চ্যাম্পিয়নরা। মূল একাদশে সুযোগ পাওয়া মাইকেল এসিয়েনের ভাসিয়ে দেয়া এক ক্রস থেকে দুর্দান্ত এক গোল করেন এই ফরাসি স্ট্রাইকার। এরপর অনেকবার ফেরার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে দ্রগবা-স্নেইডাররা। ম্যাচ শেষে খেলোয়াড়দের পারফরমেন্সে উচ্ছ্বসিত কোচ হোসে মরিনহো বলেন, ‘আমি মনে করি আজ আমরা দুর্দান্ত পারফরমেন্স করেছি। ম্যাচের আগে স্প্যানিশ গণমাধ্যমে গালাতাসার সম্পর্কে খুব একটা শ্রদ্ধাবোধ দেখানো হয়নি। কিন্তু আমরা তাদের শ্রদ্ধা করি। আমরা জানতাম তাদের দলে বেশ কয়েকজন অসাধারণ স্ট্রাইকার রয়েছে। তাই আমরা সেভাবেই প্রস্তুতি নিয়েছিলাম। তাদের আক্রমণ থেকে আমরা নিজেদের রক্ষা করার কাজেই বেশি ভাল করেছি।’ অ্যালোনসো এবং সার্জিও রামোস হলুদ কার্ড পাবার কারণে দ্বিতীয় লেগের ম্যাচে খেলতে পারছেন না। সেমিফাইনালের পথে এই ধরনের অসুবিধা সত্ত্বেও এগিয়ে যাবার ইঙ্গিত দিয়েছেন মরিনহো। সাথে সাথে তিনি মনে করছেন সহজ জয় সত্ত্বেও এখনো সেমিফাইনাল নিশ্চিত হয়ে যায়নি। মরিনহো বলেন, এই ফলাফলে আমরা খুশি। কিন্তু অতীতে আমি ফুটবলে এমন কিছু ঘটনা দেখেছি যা সত্যিই বিস্ময়কর। ইস্তাম্বুলে খেলা সবসময়ই কঠিন। আর তাই আমাদের যথেষ্ট কঠিন ম্যাচে অবতীর্ণ হতে হবে। এদিকে গালাতাসারের কোচ ফেইথ টেরিম বলেছেন তার দল সাধারণ কিছু ভুলের কারণে এই শাস্তি পেয়েছে। তবে তিনি ম্যাচের নরওয়েজিয়ান রেফারি এসভেইন ওডভার মোয়েনের ওপর হতাশা প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘এই পর্যায়ে এসে কেউ ভুল করতে পারে না। কিন্তু প্রথম এবং দ্বিতীয় গোলের জন্য আমরা সাধারণ কিছু ভুল করেছি। আমি রেফারিং নিয়ে কোন কথা বলতে চাই না, কিন্তু তার একটি ভুল সে ছাড়া সবাই দেখেছে। ডি বক্সের ভিতরে ইলমাজকে রামোস ফেলে দিলেও সে সেটা এড়িয়ে গেছে।’ দিনের অপর ম্যাচে স্প্যানিশ দল মালাগা নিজেদের মাঠ লা রোসালেডায় বুন্দেসলিগার চ্যাম্পিয়ন বরুসিয়া ডর্টমুন্ডকে রুখে দিয়ে চমক দেখিয়েছে। ১৯৯৭ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা সবদিক থেকে স্প্যানিশ ক্লাবটির ওপর আধিপত্য দেখালেও মালাগার গোলরক্ষক উইলি কাবালেরো একাই প্রতিরোধ গড়ে তুলেছিলেন। বিশেষ করে প্রথমার্ধে মারিও গোয়েজে এবং মার্কো রিউসের গোল যেভাবে এই আর্জেন্টাইন রক্ষা করেছেন তাতে তিনি অবশ্যই প্রশংসার দাবিদার। এই ড্রয়ে মালাগার আশা যেমন জিইয়ে থাকলো তেমনি ডর্টমুন্ড এ্যাওয়ে গোলের বেশ কয়েকটি সুযোগ নষ্ট করে মূলত সেমিফাইনালের পথে নিজেদের যাত্রাটা আরো কঠিন করে তুললো। আগামী নয় এপ্রিল কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগ অনুষ্ঠিত হবে। —ওয়েবসাইট বুধবারের ম্যাচ কোয়ার্টার ফাইনাল (প্রথম লেগ) গ্যালাতাসারে ০ রিয়াল মাদ্রিদ ৩ মালাগা ০ বরুশিয়া ডর্টমুন্ড ০