ক্যারোলিন ওজনিয়াকি সহজ জয়ে ফ্যামিলি সার্কেল কাপের তৃতীয় রাউন্ডে পা রেখেছেন। টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে গত বুধবার তিনি ৬-১,৬-১ গেমে উড়িয়ে দেন সিলভিয়া সোলার এসপিনোসাকে। তৃতীয় রাউন্ডে পা রেখেছেন ভেনাস উইলিয়ামস এবং সামান্থা স্টোসারও।
সনি ওপেন থেকে অপ্রত্যাশিতভাবে অনেকটা আগেই বিদায় নেয়ায় হঠাত্ করেই বেশ কয়েকদিনের ছুটি পেয়েছিলেন ওজনিয়াকি। আর সেই সুযোগেই এই টুর্নামেন্টে অংশ নিচ্ছেন তিনি। তবে ফ্যামিলি সার্কেল কাপের ২০১১ সালের চ্যাম্পিয়ন ওজনিয়াকি বলছেন টুর্নামেন্টটাকে গুরুত্বের সাথেই নিচ্ছেন তিনি। কোর্টের পারফরম্যান্সও কথা বলছে ওজনিয়াকির পক্ষেই। টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই এই তারকা বলেন,‘আমি আসলে একেবারেই খেলার বাইরে ছিলাম। কারণ আমি ভাবছিলাম চার সপ্তাহের মধ্যে আমার কোর্টে ফেরার কোন সম্ভাবনা নেই। জার্মানির স্টুটগার্টে এই মাসের শেষদিকে পোর্শে টেনিস গ্র্যান্ড প্রিক্সের মাধ্যমেই কোর্টে ফেরার ইচ্ছা ছিল আমার। হঠাত্ করেই এই সুযোগটা মিলে যাওয়ায় আমি ভাবলাম আমার জন্য সপ্তাহটা খুব ভাল কাটতে পারে। দেখি কি ঘটে!’
যেভাবে অনায়াসে ওজনিয়াকি তার প্রতিপক্ষকে উড়িয়ে দিলেন তাতে এখনো পর্যন্ত মনে হচ্ছে সপ্তাহটা ভালই কাটবে ওজনিয়াকির। তৃতীয় রাউন্ডে তিনি খেলবেন আনা পেতকোভিচের বিরুদ্ধে। এদিকে দ্বিতীয় রাউন্ডেই জয়ের জন্য বাড়তি ঘাম ঝড়াতে হলো ভেনাসকে। টুর্নামেন্টের ষষ্ঠ বাছাই এই আমেরিকান ৬-২,৭-৫,৬-৩ গেমে জিতেছেন পুয়ের্তোরিকোর মনিকা পুইগের বিরুদ্ধে। জয়ের পরে উইলিয়ামসদের বোনদের বড়জন বলেছেন,‘সবদিক থেকে নিজেকে পুরোপুরি তৈরি রাখা কঠিন। তবে এই পর্যায়ে যেটা দরকার সেটা হচ্ছে মানসিকভাবে শক্তিশালী থাকা। জয় দিয়ে শুরু করাটা সবসময়ই আনন্দের।’ তৃতীয় বাছাই স্টোসারও ৬-১,৬-২ গেমে মারিয়ানা ইরাকোভিচকে হারিয়ে টুর্নামেন্টে শুভ সূচনা করেছেন।
