পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সিনিয়র টেস্ট ক্রিকেটার ইউনিস খান সীমিত ওভারের ক্রিকেট থেকে অবসর নেয়ার চিন্তা করছেন। ঘরোয়া জাতীয় টি-টোয়েন্টি টুর্নামেন্টে অ্যাবোটাবাদের অধিনায়কত্ব পাওয়া সত্ত্বেও তা গ্রহণ না করে দলের তরুণ খেলোয়াড় জুনাইদ খানকে হস্তান্তর করেন। যদিও জুনাইদ খান বলেছেন, ব্যক্তিগত কিছু কারণে টুর্নামেন্টের জন্য যথাসময়ে অনুশীলনে আসতে পারতেন না ইউনিস। তবে ইউনিসের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে প্রকাশিত খবরে বলা হয়, ওয়ান ডে ক্রিকেট থেকে অবসরের বিষয়টি গুরুত্বের সঙ্গে ভাবছেন ইউনিস। দেশের হয়ে ২০০৯ সালের টি-২০ বিশ্বকাপ শিরোপা জয়ের পরপরই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেন ইউনিস। সমপ্রতি দক্ষিণ আফ্রিকা সফরে নিজের পারফরমেন্সেও খুশি নন ৩৫ বছর বয়সী এই তারকা খেলোয়াড়।
