আইপিএল-২১১৩

জয়ে শুরু কলকাতার

আপডেট : ০৪ এপ্রিল ২০১৩, ২১:৪৮
সুনীল নারিনের দুর্দান্ত বোলিংয়ের পরে টপ অর্ডারদের দায়িত্বশীল ব্যাটিংয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স সহজ জয়েই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ষষ্ঠ আসর শুরু করলো। টুর্নামেন্টের প্রথম ম্যাচে গত বুধবার তারা ছয় উইকেটে হারিয়েছে দিল্লী ডেয়ারডেভিলসকে। এদিকে দিনের একমাত্র ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে সাইরাইজার্স হায়াদ্রাবাদ এবং পুনে ওয়ারিয়র্স। ঘরের মাঠ ইডেন গার্ডেনে নাইট রাইডার্স অধিনায়ক গম্ভীর টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। অধিনায়কের সিদ্ধান্তের যৌক্তিকতা প্রমাণ করতে একদমই সময় নেননি ব্রেট লি। বোলিংয়ের পাশাপাশি এ মৌসুমে দলের বোলিং উপদেষ্টার দায়িত্ব পালনরত লি ম্যাচের প্রথম বলেই উপড়ে দেন উন্মুক্ত চাঁদের স্ট্যাম্প। তবে নতুন ব্যাটসম্যান অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে এরপর আরেক ওপেনার ডেভিড ওয়ার্নারের সাথে জুটি বেঁধে দলকে বিপদমুক্ত করেন। তবে দারুণ এক ঘূর্ণি বলে নারিন ওয়ার্নারকে ফিরিয়ে দিলে আবারো ধাক্কা খায় দিল্লী। একপ্রান্তে জয়াবর্ধনে লড়াই চালিয়ে গেলেও তাকে সঙ্গ দিতে পারেননি আর কেউই। তার ইনিংস সেরা ৬৬ রানের সুবাদেই দিল্লী শেষ পর্যন্ত ১২৮ রান করতে সমর্থ হয়। প্রথম স্পেলে একটি উইকেট পাওয়া নারিন দ্বিতীয় স্পেলে এসে গুঁড়িয়ে দেন দিল্লীর লোয়ারঅর্ডার। চার ওভারের কোটায় মাত্র ১৩ রানে চার উইকেট নেন তিনি। জবাবে কলকাতা ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ওভারেই হারায় বিসলার উইকেট। তবে দ্বিতীয় উইকেটে জ্যাক ক্যালিসের সঙ্গে গম্ভীরের জুটিতেই মূলত ম্যাচের ফল নিশ্চিত হয়ে যায়। ২৯ বলে ৪১ রানের দারুণ একটি ইনিংস খেলে দলের রান তাড়ায় সামনে থেকেই নেতৃত্ব দেন গম্ভীর। গম্ভীর-ক্যালিসের বিদায়ের পরে ইউসুফ পাঠান এবং এউয়িন মরগানের ব্যাটে জয়ের বন্দরে পৌঁছায় স্বাগতিকরা। জয়ের পরে গম্ভীর বলেন,‘আমার মনে হয় ১৫০ রানও এই উইকেটে তাড়া করা সম্ভব। (দলের) সবাই ভাল করেছে। পয়েন্ট টেবিলের দিকে তাকিয়ে সত্যি ভাল লাগছে।’ এদিকে টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে আজ পুনে ওয়ারিয়র্সের মুখোমুখি হচ্ছে নতুন মালিকানার অধীনে আসা দল সানরাইজার্স। লড়াই জমবে দুই লঙ্কান অ্যাঞ্জেলো ম্যাথুস এবং কুমার সাঙ্গাকারার মধ্যেও। কারণ দুই দলের দায়িত্বে আছেন এই দুজন।