বৃহস্পতিবারের ম্যাচের ফলাফল
কোয়ার্টার ফাইনাল (প্রথম লেগ)
বেনফিকা ৩ নিউক্যাসল ইউনাইটেড ১
চেলসি ৩ রুবিন কাজান ১
ফেনেরব্যাখ ২ ল্যাজিও ০
টটেনহ্যাম হটস্পার ২ এফসি বাসেল ২
৫০ মিলিয়ন ইউরো-এই বিপুল পরিমাণ অর্থের সংখ্যাটাই ফার্নান্দো তোরেসের জন্য সবচেয়ে বড় চাপ। লিভারপুল হয়ে চেলসিতে আসার পর এই চাপ আর ফর্মহীনতা মিলিয়ে ঠিক নিজেকে মেলে ধরা হয়নি এই স্প্যানিশ স্ট্রাইকারের। তবে, গত বৃহস্পতিবার রাতে আর হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়নি তাকে। জোড়া গোল করেছেন, রুবিন কাজানের বিপক্ষে উয়েফা ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের ম্যাচে ৩-১ গোলে ব্লুজদের আনন্দে ভাসানোর পাশাপাশি পেয়েছেন কোচের প্রশংসা। সব মিলিয়ে নিজের সেরা ফর্মে ফেরার আভাস দিলেন তোরেস।
রাতের অপর ম্যাচে এফসি বাসেলের সাথে ২-২ গোলে ড্র করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের অপর দল টটেনহ্যাম হটস্পার। তাদের তাই আগামী ১১ এপ্রিলের দ্বিতীয় লেগের ম্যাচের জন্য অপেক্ষা করতেই হচ্ছে। ম্যাচের ফলাফল যাই হোক না কেন, টটেনহ্যাম ইউনাইটেডের জন্য ম্যাচে বড় ধাক্কা দলের অন্যতম মূল সদস্য গ্যারেথ বেলের ইনজুরি। অ্যাঙ্কেলের ইনজুরিতে আর ম্যাচে খেলা হয়নি এই তারকার। মৌসুমে ওয়েলসের এই তারকাকে দলে পাওয়া যাবে নাকি তা নিয়েও দেখা দিয়েছে সংশয়। তবে, নিজের আশাবাদ জানিয়েছেন দলের কোচ আন্দ্রে ভিলায় বোয়াস, ‘ বেলের ইনজুরির ব্যাপারে কোন পরীক্ষার আগে কিছু বলা যাচ্ছে না। তবে, আশা করি সে শীঘ্রই ফিরে আসবে। আর আমার মতে এটা বড় কোন ইনজুরি নয়।’
গত মৌসুমেই চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ঘরে তুলেছিল চেলসি। তবে, সেই সুসময় এই মৌসুমে চেলসি ধরে রাখতে পারেনি। তবে, ইউরোপা লিগে নেমে যাওয়ার পর বেশ দাপটের সাথে খেলে যাচ্ছে তারা। গতকাল নিজের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে তাদের সামনে দাঁড়াতেই পারেন রুবিন কাজান। ম্যাচের প্রথমার্ধেই ২-১ গোলে এগিয়ে যায় চেলসি। ১৬ মিনিটে তোরেসের পর ৩২ মিনিটে গোল করেন নাইজেরিয়ান তারকা ভিক্টর মোজেস। ৪১ মিনিটে বেবার্স ন্যাচো’র পেনাল্টি গোলের ম্যাচে ফেরার সুযোগ পেয়েছিল সফরকারী দল। তবে, দ্বিতীয়ার্ধে আর ফিরে আসা হয়নি তাদের। ৭০ মিনিটে সেই তোরেসের গোলই ফিরতে দেয়নি তাদের। ৩-১ এর জয় নিয়ে মোটামুটি নিশ্চিত হয়েই মাঠ ছাড়লো ইংলিশ লিগের দলটি। দ্বিতীয় লেগে আর কোন অঘটন না ঘটলে সেমির পথটা বেশ সহজই বলা যায় চেলসির জন্য।
ম্যাচ শেষে তোরেসকে প্রশংসায় ভাসালেন দলের কোচ রাফায়েল বেনিতেজ। স্প্যানিশ কোচ বলেন, ‘আমি তোরেসের পারফরম্যান্সে অনেক খুশি। শুধু গোল করার জন্য নয়, দলের জয়ে তার অবদানটাও মনে রাখার মতো। সে সত্যি আজ দারুণ ফুটবল উপহার দিয়েছে।’
গোল করার পর তোরেস সামনের ম্যাচ থেকে আরও আত্মবিশ্বাসের সাথে খেলবেন বলে আশা করছেন লিভারপুলের হয়ে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয় করা কোচ বেনিতেজ, ‘আমরা সব সময় বলে থাকি গোল করার পর স্ট্রাইকাররা তাদের আত্মবিশ্বাস ফিরে পায়। তোরেসের মধ্যে আমি এখন তার হারানো আত্মবিশ্বাসের ছাপ দেখতে পাচ্ছি। শুরু থেকে সে যে পরিমাণ পরিশ্রম করেছে, সেটা নিয়ে আমি সন্তুষ্ট। তবে, আজকের ম্যাচে তার প্রতিটি পদক্ষেপে আত্মবিশ্বাস স্পষ্ট ছিল।’
তবে, বেনিতেজ জানিয়েছেন রবিবার স্যান্ডারল্যান্ডের বিপক্ষে ম্যাচে খেলবেন না তোরেস, ‘সে কি স্যান্ডারল্যান্ডের বিপক্ষে খেলবে? না, এই ব্যাপারে এখনও অনেক কিছু ভাবার আছে। ডেম্বা বা ইউরোপা লিগে খেলতে পারছেন না। তাই আমাদের সব দিক বিবেচনা করে পরিকল্পনা করতে হচ্ছে। এফ এ কাপের ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে গোল করে বা। তাই সামনের ম্যাচেও তাকেই দেখা যাবে।’
বৃহস্পতিবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের দলগুলোর মধ্যে সবচেয়ে বড় ভরাডুবির শিকার হয়েছে নিউক্যাসল ইউনাইটেড। পর্তুগীজ ক্লাব বেনফিকার সাথে তারা অ্যাওয়ে ম্যাচে হেরে গেছে ৩-১ গোলে। দ্বিতীয় লেগের ম্যাচে তাদের বড় ব্যবধানের জয়ের কোন বিকল্প নেই। অন্যদিকে ইতালিয়ান ক্লাব ল্যাজিওর বিপক্ষে ২-০ গোলের জয় নিয়ে সেমিফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেল ফেনেরব্যাখ।-ওয়েবসাইট
