মেসিকে ছাড়াও আত্মবিশ্বাসী বার্সা

আপডেট : ০৫ এপ্রিল ২০১৩, ২১:২৭
আজকের ম্যাচ রিয়াল সোসিয়েদাদ - মালাগা রিয়াল মাদ্রিদ - লেভান্তে দেপোর্তিভো লা করুনা - রিয়াল জারাগোজা বার্সেলোনা - মায়োর্কা লিওনেল মেসিকে ছাড়াই জিততে পারে বার্সেলোনা। লা লিগায় আজ শনিবার তুলনামূলক বিচারে দুর্বল দল মায়োর্কার বিরুদ্ধে মাঠে নামার আগে এমনটাই মনে করছেন বার্সেলোনার ডিফেন্ডার ড্যানিয়েল আলভেজ। স্পানিশ লিগে আজ আরেকটি খেলায় রিয়াল মাদ্রিদ নিজেদের মাঠে মুখোমুখি হবে লেভেন্তের। চারবার ফিফার বর্ষ সেরা ফুটবলার হওয়া মেসি প্যারি সেন জার্মেইর বিরুদ্ধে চ্যাম্পিয়নস লিগের খেলায় কুচকিতে চোট পান। ওই ম্যাচে পুরো সময় খেলতে পারেননি তিনি। একই কারণে তিনি খেলতে পারছেন না আজকের ম্যাচেও। এমনকি বুধবার প্যারি সেন জার্মেইর বিরুদ্ধে ফিরতি খেলাতে তার অংশগ্রহণ নিয়েও সংশয় আছে। মেসির সতীর্থ আলভেজ এই ব্যাপারটাকে মোটেও বড় করে দেখছেন না। মেসির ইনজুরিকে সমস্যা তো নয়ই বরং বার্সার জন্য দারুণ একটা সুযোগ হিসেবেই দেখছেন তিনি। আলভেজ মনে করছেন, বার্সা যে নির্দিষ্ট কোন খেলোয়াড়ের উপর নির্ভর করে মাঠে নামে না সেটা প্রমাণের উপযুক্ত সুযোগ এটি। এই ব্রাজিলিয়ান তারকা গত বুধবার একটি সংবাদ সম্মেলনে বলেন, ‘সত্য কথা হচ্ছে, সে যে (আজ) থাকছে না সেটা আমাদের জন্য একটা সুযোগই বটে। তাকে ছাড়াই যে আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারি সেটা দেখিয়ে দেখার জন্য আমরা একটা সুযোগ পাচ্ছি।’ মেসি ছাড়াও বার্সেলোনার আরো কয়েকজন তারকাকে আজকের খেলায় দেখা যাবে না। পিএসজির বিরুদ্ধে খেলাটিতে হাঁটুর লিগামেন্টে চোট পাওয়ায় আরেক আর্জেন্টাইন হ্যাভিয়ের ম্যাচসেরানোও খেলতে পারবেন না। পুরোপুরি সুস্থ হতে তাকে ছয় সপ্তাহ মাঠের বাইরে কাটাতে হবে। নিয়মিত অধিনায়ক কার্লোস পুয়োল এবং আদ্রিয়ানোও ইনজুরির কারণে এরই মধ্যে দলের বাইরে। এদের অনুপস্থিতে সেন্ট্রাল ডিফেন্সে তাদের অভাব পূরণে বদ্ধপরিকর আলভেজ। দলের সাবেক কোচ পেপ গার্দিওলার অধীনে কয়েকটি ম্যাচে এই ভূমিকায় খেলার অভিজ্ঞতাও আছে তার। আলভেজ বলেন, ‘যতি স্মৃতিভ্রষ্ট না হই, তাহলে আমি বলতে পারি গার্দিওলার সাথে আমি এই কাজ করেছি। পরিস্থিতির সাথে মানিয়ে নেয়ার ক্ষমতা আমার আছে। যদি তারা আমাকে আক্রমণে যেতে বলে তাহলে আমি আক্রমণে যেতে পারি। যদি বলে রক্ষণে কাজ করতে তাহলে তাও পারি। আর যদি দুটোই করতে বলে, তাহলে আমি দুটোই করার চেষ্টা করবো। কোচের কথা পালন করাই আমার কাজ।’ এতসব ইনজুরির খবরের ভিড়েও কাতালান ক্লাবটির জন্য আশাব্যঞ্জক দিক হচ্ছে, কোচ টিটো ভিলানোভা নিউইয়র্ক থেকে ফেরার পর প্রথমবারের মতো নু ক্যাম্পে দলকে সামলাতে যাচ্ছেন। এর আগে অবশ্য তিনি চ্যাম্পিয়নস লিগ ম্যাচের জন্য দলের সঙ্গে প্যারিসে গিয়েছিলেন। অন্যদিকে মায়োর্কার অবস্থান বার্সেলোনার ঠিক বিপরীতে। পয়েন্ট তালিকায় নিচের দিক থেকে দ্বিতীয় অবস্থানে থাকা দলটি নয় ম্যাচ হাতে রেখে রেলিগেশন থেকে মাত্র তিন পয়েন্টের ব্যবধানে আছে। দলটির কোচ গ্রেগরিয়ো মানজানো মনে করছেন মেসির অনুপস্থিতি তাদের জন্য বড় একটা সুযোগ এনে দেবে আজ। তিনি বলেন, ‘মেসির অনুপস্থিতি নিশ্চিত করছে আমাদের এমন কোন খেলোয়াড়কে নিয়ে দু:স্বপ্ন দেখতে হবে না যে এতগুলো গোল করেছে বিভিন্ন দলের বিরুদ্ধে। যদিও আমি বলছি না মেসির অনুপস্থিতিতে বার্সেলোনা সাধারণ মানের কোন দলে পরিণত হবে। তারা আসলেই তেমনটা না।’ এদিকে বার্সেলোনার চেয়ে ১৩ পয়েন্ট পিছিয়ে থাকা রিয়াল আজ আতিথ্য দেবে লেভেন্তেকে। চ্যাম্পিয়নস লিগে গত বুধবারের ম্যাচে গালাতাসারায়কে ৩-০ গোলে হারানোর সুখ স্মৃতি নিয়েই আজ মাঠে নামবে তারা। কোচ হোসে মরিনহো ইঙ্গিত দিয়েছেন তুর্কি দলটির বিরুদ্ধে হলুদ কার্ড দেখা সার্জিও রামোস এবং জাভি আলোনসো এ খেলায় শুরু থেকেই মাঠে নামবেন। হাতের ইনজুরির কারণে তিন মাস মাঠের বাইরে কাটানো নিয়মিত গোলরক্ষক ইকার ক্যাসিয়াসও আজ মাঠে ফিরতে পারেন বলে আশা করা হচ্ছে। লিগের অন্য দুটি ম্যাচে মুখোমুখি হবে রিয়াল সোসিয়েদাদ-মালাগা এবং দেপোর্তিভো-রিয়াল জারাগোজা। -এএফপি