স্পোর্টস ডেস্ক
বায়ার্ন মিউনিখ আজ শনিবার আইনট্রাখট ফ্রাংকফুটের বিরুদ্ধে খেলাটিতে জিতেই ২৩তম বারের মতো বুন্দেসলিগা শিরোপা তুলে নিতে চায়।
ফ্রাংকফুটকে হারাতে পারলে বায়ার্ন ছয় খেলা হাতে থাকতে জার্মান লিগ জয়ের সুবাদে নিজেদের পুরোনো একটি রেকর্ড ভেঙ্গে দিবে। রেকর্ডটি হলো আগাম শিরোপা জয়ের ব্যাপারে। তবে এরপরও দলটি গত বছরের মে মাসে ডর্টমুন্ডের ৮১ পয়েন্ট পেয়ে শিরোপা জয়ের চাইতে নয় পয়েন্ট পেছনে থাকবে দলটি। বরুশিয়া ডর্টমুন্ড শেষ দুটি শিরোপা জিতলেও চলতি মৌসুমে বায়ার্ন থেকে ২০ পয়েন্ট পেছনে পড়ে দ্বিতীয় স্থানে আছে। আজকের খেলায় ফ্রাংকফুটকে হারালে ডর্টমুন্ডের পক্ষে আর বায়ার্নকে ঠেকানো সম্ভব হবে না।
গত সপ্তাহেই চ্যাম্পিয়ন হতে পারতো বায়ার্ন। সেজন্য দরকার ছিল নিজেদের মাঠ অ্যালিয়েঞ্জ এরেনায় অতিথি হামবুর্গকে হারানোর পাশাপাশি স্টুটগার্টের মাঠে শিরোপাধারী বরুশিয়া ডর্টমুন্ডের জয় বঞ্চিত থাকা। কিন্তু বায়ার্ন সে খেলায় ৯-২ গোলে জিতলেও বরুশিয়ার সাথে হার এড়াতে পারেনি স্টুর্টগার্ট। তবে এ সপ্তাহে বায়ার্নের ভাগ্য নিজেদের হাতেই। ব্যাভারিয়ান ক্লাবটি সর্বশেষ শিরোপা জয় করেছিল ২০০৯-১০ মৌসুমে। তাই দুই মৌসুম পর শিরোপা জয়ের হাতছানিতে বায়ানের্র ডিরেক্টর অব স্পোর্ট ম্যাথিয়াস সামার বলেন,‘এ দফায় আমরা জার্মান চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে কারো উপর নির্ভরশীল নই। এটা যদি ঘটে তবে কেউই অখুশি হবে না।’
তিনি আরো বলেন,‘আমাদের সম্ভবত সকাল পর্যন্ত উল্লাসে মাতোয়ারা না থেকে জয়টা ভিন্নভাবে উদযাপন করতে হবে, কেননা আগামী বুধবার আমাদের জন্য অপেক্ষা করবে জুভেন্তাস।’
চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে গতবারের ফাইনালিস্ট বায়ার্ন মিউনিখ গেল মঙ্গলবার মিউনিখে নিজেদের মাঠে জুভেন্তাসকে ২-০ গোলে হারিয়ে শেষ চারে ওঠার পথে অনেকখানি এগিয়ে আছে। তুরিনে বুধবার ফিরতি লেগে অংশ নেবে বায়ার্ন এবং স্যামার জানিয়েছেন তার দল ট্রফির জন্য মরিয়া।
জার্মান ক্লাবটি প্রথম মিনিটেই ডেভিড আলাবার গোলে এগিয়ে যায়। এরপর ৬১ মিনিটে থমাস মুলারের গোলে ইতালিয়ান জায়ান্ট জুভেন্তাসের বিরুদ্ধে ব্যবধান দ্বিগুণ করে নিয়েছিল মিউনিখ। যদিও জুভেন্তাসের প্লে মেকার আন্দ্রে পিরলো হারের পরও বলেছিলেন,‘এখনো সব কিছু শেষ হয়ে যায়নি। আমরা জানি এখনো ফিরতি লেগ খেলতে হবে এবং আমরা নিশ্চিতভাবেই ঘুরে দাঁড়ানোর আশা করতে পারি।’
