একদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অর্থনৈতিক সংকট দূর করার ইচ্ছা, অন্যদিকে দেশে আন্তর্জাতিক ক্রিকেটকে দেশে ফেরানো; এই দুই উদ্দেশ্য নিয়ে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) আয়োজন করতে চায়। অনেক বাধাবিঘ্ন সত্ত্বেও গত ২৬ মার্চ পাঁচটি ফ্র্যাঞ্চাইজি নিয়ে এই টি-টোয়েন্টি লিগ শুরুও করতে চেয়েছিল পিসিবি। কিন্তু সময় স্বল্পতা ও অন্যান্য কারণে গত ফেব্রুয়ারি মাসে তা স্থগিত করা হয়। কিন্তু পাকিস্তানের বোর্ড এখনও আশা ছাড়েনি। পিসিবি চেয়ারম্যান জাকা আশরাফ বলেছেন, এ বছরই তারা পিসিএল শুরু করতে চান, ‘এ বছরই পিএসএল শুরু হতে পারে। কারণ একটা বিষয় অত্যন্ত পরিষ্কার যে, দেশে টি-২০ ক্রিকেটের ব্যাপক বাজার আছে।’
রবিবার গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত সুপার এইট টি-২০ ফাইনালে ৩৫ হাজার দর্শকের উপস্থিতিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাকা আশরাফ। আশরাফ বলেন, ‘আমরা পিএসএল আয়োজনের চেষ্টা করছি। কারণ আমাদের প্রতি এবং নিরাপত্তার প্রতি বিদেশি দেশগুলোর পুনরায় আস্থা ফিরিয়ে আনার জন্য এটাই সবচেয়ে ভাল পথ।’
২০০৯ সালে লাহোরে শ্রীলংকা দল বহনকারী বাসে হামলার পর থেকে নিরাপত্তার কারণে টেস্ট খেলুড়ে কোন বিদেশি দল পাকিস্তান সফরে আসছে না। আশরাফ বলেন, ‘একটা ঘরোয়া টি-২০ টুর্নামেন্টেই যেখানে এত দর্শক হয় তাহলে ভাবুন পিএসএল পাকিস্তান ক্রিকেটকে কি এনে দিতে পারে। ভুলে যাবেন না সুপার এইট কাপের জন্য আমরা টিকেট পদ্ধতি রেখেছিলাম। কিন্তু জনগণ অর্থ খরচ করেই এসে খেলা দেখেছে।’ সুপার এইট কাপের জন্য বোর্ড একটা নতুন নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়ন করেছে এবং কোন দুর্ঘটনা ছাড়াই তা সফল হয়েছে বলেও উল্লেখ করেন আশরাফ। পিসিবি চেয়ারম্যান জানান, এ বছর পিএসএল আয়োজনের জন্য দু’টি সময় আছে।
তিনি আরো বলেন, ‘আমরা সেজন্য অপেক্ষা করছি। তবে লিগে আমাদের বিদেশি খেলোয়াড় দরকার। আমাদের লিগ যখনই হোক সে সময়েই আসার জন্য আমরা ইতিমধ্যেই শ্রীলংকা বোর্ডের সঙ্গে একটা চুক্তি করেছি।’—বাসস
