স্পোর্টস রিপোর্টার
বাংলাদেশের যুবারা সিঙ্গাপুরে অনুষ্ঠানরত অনূর্ধ্ব ১৬ এশিয়া কাপ হকি প্রতিযোগিতায় দাপট অব্যাহত রেখেছে। আগেরদিন স্বাগতিক সিঙ্গাপুর ও মালয়েশিয়াকে হারানোর পর গতকাল শুক্রবার কাজাখস্তানকে গোল বন্যায় ভাসিয়ে দিয়েছে দলটি। কাজাখদের এ খেলায় ২৬-১ গোলে পরাজিত করে বাংলাদেশ দল। দলের পক্ষে দীন ইসলাম একাই করেন পাঁচ গোল। এছাড়া চারটি করে গোল দেন নইমউদ্দিন ও রেজাউল করিম বাবু। তিনটি করে গোল আসে আশরাফুল ইসলাম ও রোমান সরকারের কাছ থেকে। অপর গোলগুলো করেন খালেদ মাহমুদ রাকিন (দুটি) ও রায়হান উদ্দিন।
হকি ফেডারেশনের দেয়া তথ্য অনুযায়ী আজ শনিবার গ্রুপ পর্বের শেষ খেলায় কোরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ দল। উল্লেখ্য, প্রথম খেলায় বাংলাদেশ ৭-২ গোলে সিঙ্গাপুরকে এবং দ্বিতীয়টিতে মালয়েশিয়াকে ৬-৩ গোলে হারায়।
