বিশ্বকাপের আয়োজক দেশের মর্যাদা বাংলাদেশ আগেও পেয়েছিল। তবে এবার পরিস্থিতি ভিন্ন।
প্রথমবারের মতো এককভাবে ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ। এ উপলক্ষে গতকাল শনিবার বর্ণাঢ্য আয়োজনে রাজধানীর এক হোটেলে টুর্নামেন্টটির লোগো উন্মোচন করা হলো। রিকশা পেইন্টের অনুকরণে তৈরি হয়েছে এই লোগোটি। এর ডিজাইনার হলেন কৌশিক বোস।
আইসিসির সহ-সভাপতি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি মোস্তফা কামাল, বিসিবির বর্তমান সভাপতি ও সংসদ সদস্য নাজমুল হাসান পাপন এবং ক্রীড়ামন্ত্রী আহাদ আলী সরকার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়া বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বর্তমান ও সাবেক খেলোয়াড়, বিসিবি কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিসিবি সভাপতি বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে আজ আমি গর্বিত। ক্রিকেট সমর্থক হিসেবে এই অঞ্চলের মানুষ আগে থেকেই পরিচিত। এবার আয়োজক হিসেবে আমরা নিজেদের শ্রেষ্ঠত্ব স্থাপন করতে চাই।’
টুর্নামেন্টের ব্যাপারে আশাবাদ জানিয়ে নাজমুল হাসান পাপন বলেন, ‘এর আগে ২০১১ সালের বিশ্বকাপে আয়োজক দেশ হিসেবে আমরা নিজেদের প্রমাণ করেছি। এবারও আমরা একটি সফল অনুষ্ঠান আয়োজনের ব্যাপারে আশাবাদী। মনে রাখার মতো একটি টুর্নামেন্ট আয়োজনের জন্য আমরা একযোগে কাজ করছি। ’
আইসিসির সহ-সভাপতি মোস্তফা কামাল বলেন, ‘আমি আইসিসিতে দায়িত্ব পালন করছি। এই অবস্থায় বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এতো বড় একটি ঘটনার সাক্ষী হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।’
মনোরম নৃত্যানুষ্ঠান দিয়ে শুরু, এরপর উপস্থাপনায় আসলেন ধারাভাষ্যকার ও সাবেক ক্রিকেটার আতহার আলী খান ও ফারাহ শারমিন। সংগীত পরিবেশন করেন হাবিব ওয়াহিদ ও ন্যান্সি। জাদু পরিবেশন করেন জুয়েল আইচ।
