বাংলাদেশে আগামী বছর অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি দেখতে ১৭ এপ্রিল আইসিসির সাত সদস্যের পর্যবেক্ষক দল আটদিনের সফরে ঢাকায় আসছে।
পঞ্চমবারের মতো আয়োজিত হতে যাওয়া বিশ্বকাপটি শুরুর আগে আয়োজকদের হাতে খুব বেশি সময় নেই। অথচ এখনো বিশ্বকাপের ভেন্যুগুলো প্রস্তুত হয়নি। শুধু মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এবং চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়াম সময়মতো প্রস্তুত হয়ে উঠবে। কিন্তু হাতে থাকা এক বছরেরও কম সময়ের মধ্যে সংগঠকদের সিলেট বিভাগীয় স্টেডিয়াম এবং কক্সবাজার স্টেডিয়ামের প্রায় পুরোপুরি গড়ে তুলতে হবে। বিশেষ করে কক্সবাজারেরটি। কেননা এখন পর্যন্ত কক্সবাজার স্টেডিয়ামের জমিই বরাদ্দ পায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ভেন্যু জটিলতা সমাধান করতে না করতেই চলে আসছে আইসিসির পর্যবেক্ষকরা। তারা ঢাকায় এসেই পরদিন সিলেটের ভেন্যু পরিদর্শনে চলে যাবে। জানা গেছে, সিলেটের পর পর্যবেক্ষক দল মিরপুর পরিদর্শন করবে ২০ এপ্রিল। ২১ এপ্রিল চট্টগ্রাম, ২২ এপ্রিল কক্সবাজার পরিদর্শনের পর ২৩ এপ্রিল ক্রীড়া মন্ত্রণালয়ের সাথে বৈঠক শেষে ২৪ এপ্রিল ঢাকা ছাড়বেন তারা ।
পর্যবেক্ষক দলে থাকবেন ইভেন্ট ম্যানেজার ক্রিস ষ্ট্যাটলি, টুর্নামেন্টের পরিচালক- ধীরজ মালহোত্রা, আইসিসির মিডিয়া ম্যানেজার সামিউল হক খান, আইসিসির ক্রিকেট অপারেশন্স ম্যানেজার ক্লাইভ হিচকক, ফিফা থেকে একজন এবং ইএসএস থেকে একজন প্রতিনিধি। উল্লেখ্য, আইসিসির এই পর্যবেক্ষক দল ভেন্যু পরিদর্শনে আরো একবার ঢাকায় আসবে। সেটিই হবে তাদের চূড়ান্ত পরিদর্শন।
ইতোমধ্যে সিলেট বিভাগীয় স্টেডিয়াম পরিদর্শনে গিয়েছিল বিসিবির গ্রাউন্ডস এন্ড ফ্যাসিলিটিজ কমিটি। দুইদিনের সফরে গত ৩১ মার্চ তারা সিলেট পরিদর্শন করে এসে বিসিবিকে রিপোর্ট দেয়। রিপোর্টে উল্লেখ্য ছিল, আউটফিল্ড, সাইড উইকেট, মিডিয়া বিল্ডিং, ফ্লাড লাইট, ড্রেসিংরুম এবং গ্যালারির কাজ বাকি। এগুলো ১০ এপ্রিলের মধ্যে শুরু করার জন্য সুপারিশ করা হয়েছে।
