চরমোনাইর পীর আলহাজ মো. সৈয়দ রেজাউল করীম বলেছেন, শান্তি বজায় রেখে আমরা যদি সবাই একত্রিত হই, তাহলে এদেশে নাস্তিকরা কথা বলার শক্তি বাংলার জমিনে পাবে না। বর্তমানে দেশে কয়েকটি ধারায় রাজনীতি চলছে। একটি হলো আওয়ামী লীগ আরেকটি বিএনপির ধারা। ইসলামকে এগিয়ে নেয়ার জন্য ও একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশই কাজ করে যাচ্ছে।
গতকাল শনিবার কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ছলিমপুর কারিমিয়া মাদরাসা চত্বর মাঠে অনুষ্ঠিত ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে সভাপতিত্ব করেন মুফতি মাওলানা মো. হাবিবুর রহমান। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে চরমোনাইর পীর আরো বলেন, বর্তমান সরকার ধর্ম নিরপেক্ষতাবাদ সংবিধানে বসিয়েছে। তারা ব্যাখ্যা দেয়- যার যার ধর্ম সে পালন করবে। কিন্তু আমরা বলছি ইসলাম ছাড়া পৃথিবীর কোথাও শান্তি আসতে পারে না। এবং এর প্রমাণও আছে। নবীজির (সা:) আদর্শ ছাড়া পৃথিবীর কোথাও শান্তি আসতে পারে না।
তিনি আগামী ২২ এপ্রিল খুলনা থেকে কলাপাড়ার কুয়াকাটা পর্যন্ত ইসলামী আন্দোলনের নেতৃত্বে আহূত রোডমার্চ সফল করার জন্য উপস্থিত সকলকে আহ্বান জানান।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুফতি হাফেজ আব্দুর রহমান, মো. আসাদুজ্জামান ইউসুফ, মৌলভী মো. মাহবুবুল আলম, মো. মোনায়েম খান, মাওলানা হেদায়েতুল্লাহ জেহাদী।
