বড় দলের বড় জয়

আপডেট : ০৭ এপ্রিল ২০১৩, ২২:১২
এ সপ্তাহের খেলা শেষে ক্রিস্টিয়ানো রোনালদোর একটা কথাই লা লিগার চিত্রটা পরিষ্কার করে দিল। সোজা বলে দিলেন, ‘আমি মিরাকলে বিশ্বাস করি না। আর মিরাকল ছাড়া এবার আর আমাদের পক্ষে লিগ জেতা সম্ভব না। একেবারেই অসম্ভব।’ লিগের ভাগ্য এমন পরিষ্কার হয়ে গেলে অন্তত পয়েন্ট টেবিলের ওপরের দিকে থাকা দলগুলোর খেলায় উত্তেজনা কমে যায়। সেই উত্তেজনা ফেরাতেই কি না; বৃহস্পতি ও শুক্রবার সপ্তাহ শেষের খেলায় লা লিগার বড় দলগুলো যার যার ম্যাচে বড় ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ল। বার্সেলোনা ৫-০ গোলে মায়োর্কাকে, রিয়াল মাদ্রিদ ৫-১ গোলে লেভান্তেকে, রিয়াল বেটিস ৫-১ ব্যবধানে গ্র্যানাডাকে এবং রিয়েল সোসিয়াদ ৪-২ গোলে মালাগাকে হারিয়েছে। এছাড়া রেলিগেল এড়ানোর জন্য লড়তে থাকা দেপার্তিভো লা করুনা ও রিয়াল জারাগোজার হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ পর্যন্ত ৩-২ গোলে জয় পেয়েছে লা করুনা। শিরোপা পুনরুদ্ধার করার ক্ষেত্রে বার্সেলোনার এমনিতে তেমন কোনো চাপ নেই। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে এই ম্যাচের আগেও ১৩ পয়েন্ট এগিয়ে ছিল বার্সা। কিন্তু গতকাল তাদের চিন্তা ছিল ইনজুরিতে অনুপস্থিত লিওনেল মেসিকে ছাড়া কতোটা জ্বলে উঠতে পারে বার্সেলোনার আক্রমণভাগ। এই চ্যালেঞ্জটা দারুণ নিয়েছেন সেস ফ্যাব্রিগাস ও অ্যালেক্সি সানচেজ। মেসিবিহীন বার্সেলোনাকে লিগ শিরোপার পথে আরেক ধাপ এগিয়ে দিতে হ্যাটট্রিক করে দলকে বড় জয় এনে দিয়েছেন ফ্যাব্রিগাস । আর্সেনালের বিপুল তারকাখ্যাতি ও অধিনায়কত্ব ছেড়ে বার্সেলোনায় এসে নিজের তারকাসত্তাকে একটু ঝুঁকির মধ্যেই ফেলেছেন কাতালান তারকা ফ্রাব্রিগাস। গত দু’ বছর ধরে একাদশে এখনও নিশ্চিত জায়গা পাচ্ছেন না। তার ভেতরে সুযোগ পেলেই নিজেকে প্রমাণ করে দিচ্ছেন। মায়োর্কার বিপক্ষে ২০ মিনিটে প্রথম দলকে লিড এনে দেন সেস; দু; মিনিট পরই লিড ডাবল করেন সানচেজ। ২৭ মিনিটে আবার সেস এবং এক মিনিট পর আবার সানচেজ গোল করেন! প্রথমার্ধে দু’জন যেভাবে পাল্লা দিচ্ছিলেন, তাতে মায়োর্কা আরও বড় হারের আশঙ্কায় ছিল। কিন্তু দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটে ফ্যাব্রিগ্রাসের তৃতীয় গোলের পর বার্সা আর গোল পায়নি। মেসুত ওজিলের জোড়া গোলে একইরকম বড় ব্যবধানে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদও। অবশ্য খেলার শুরুটা বিপরীতভাবেই হয়েছিল। ৩১ মিনিট পর্যন্ত খেলা গোলশূন্য থাকার পর মিশেলের গোলে লেভান্তেই এগিয়ে যায় খেলায়! ৫ মিনিট পরই গঞ্জালো হিগুয়েইন সমতায় ফেরান রিয়ালকে এবং ৩৯ মিনিটে পেনাল্টি থেকে লিড এনে দেন কাকা। আবার ৮৪ মিনিট পর্যন্ত খেলায় এই টানটান অবস্থায়। অবশেষে ৮৪ মিনিটে রোনালদো ব্যবধান বাড়ালেন। আর খেলার শেষ তিন মিনিটে দু’ গোল করে লেভান্তের কফিনে পেরেক ঠুকে দিলেন ওজিল। পয়েন্ট তালিকার ছয় নম্বরে থাকা রিয়েল বেটিসের সামনে পড়েছিল শেষ সারির দল গ্রানাডা। রুবেন ক্যাস্ত্রোর জোড়া গোলে বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে বেটিসও। লড়াই হয়েছে রেলিগেল এলাকায় লড়তে থাকা জারাগোজা ও লা করুনার ম্যাচে। লা করুনা এই ম্যাচের আগে ২০ দলের তালিকায় ছিল ১৯ নম্বরে আর জারাগোজা ১৭ নম্বরে। এই ম্যাচে পিছিয়ে থেকে লা করুনা ২-২ সমতা ফেরায়। শেষ পর্যন্ত আত্মঘাতি গোলে ম্যাচ জিতে মাঠ ছাড়ে তারা। এখনও লা করুনা রেলিগেশন জোনে আছে। তবে ঠিক ওপরে থাকা জারাগোজার চেয়ে এক পয়েন্ট মাত্র পেছনে তারা। শনিবারের ফলাফল গ্র্যানাডা ১ : ৫ রিয়েল বেটিস রিয়েল সোসিয়াদ ৪ : ২ মালাগা রিয়াল মাদ্রিদ ৫ : ১ লেভান্তে লা করুনা ৩ : ২ রিয়েল জারাগোজা বার্সেলোনা ৫ : ০ মায়োর্কা