বড় বোন ভেনাস উইলিয়ামসকে হারিয়ে ফ্যামিলি সার্কেল কাপ টেনিসের ফাইনালে উঠেছেন ছোট বোন সেরেনা উইলিয়ামস। টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে শীর্ষ বাছাই যুক্তরাষ্ট্রের সেরেনা ৬-১ ও ৬-২ গেমে হারিয়েছেন স্বদেশি ভেনাসকে। ভেনাসকে হারাতে মাত্র ৫৪ মিনিট সময় নেন সেরেনা। এছাড়া অন্য সেমিফাইনালে নবম বাছাই সার্বিয়ার ইয়েলেনা ইয়ানকোভিচ হারিয়েছেন অবাছাই সুইজারল্যান্ডের স্টিফানিয়া ভোইগিলিকে।
চলতি বছরে মাত্র একটি শিরোপা জয়ের কৃতিত্ব দেখিয়েছেন সেরেনা উইলিয়ামস। তবে এখন পর্যন্ত কোন শিরোপাই জিততে পারেননি ভেনাস। তাই বছরের প্রথম শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে ফ্যামিলি সার্কেল কাপে খেলতে নামেন ভেনাস। কিন্তু শিরোপা জয়ের সেই স্বপ্ন ধূলিসাত্ করেছেন তারই ছোট বোন সেরেনা। ফলে আবারো শিরোপা বঞ্চিত হতে হলো ভেনাসকে।
অন্যদিকে বছরের দ্বিতীয় শিরোপা জয়ের খুব কাছে পৌঁছে গেছেন সেরেনা। সেমিফাইনালে প্রতিপক্ষ ভেনাসের বিপক্ষে শুরু থেকেই দাপুটে ভাব নিয়ে খেলতে থাকেন তিনি। ফলে মাত্র ৫৪ মিনিটেই আত্মসমর্পণ করেন ভেনাস। আর তাতেই সেমির ম্যাচ জিতে ফাইনালে নিজের নাম লেখান সেরেনা। ৬-১ ও ৬-২ গেমে শেষ চারের ম্যাচ জিতে নেন তিনি।
মাত্র এক সপ্তাহ আগে মিয়ামি মাস্টার্সের শিরোপার স্বাদ পাওয়া সেরেনা সেমিফাইনাল শেষে বলেন, ‘সবসময়ই ভেনাসের কাছ থেকে ভালো খেলার উত্সাহটা আমি পেয়ে থাকি। এ ম্যাচেও এর ব্যতিক্রম ছিল না। তাই জয়টা সহজেই পেলাম আমি। তবে এটা সত্যি ভেনাসের চেয়ে ভালো খেলেছি আমি।’
আর ম্যাচ হারের পর ভেনাস বলেন, ‘দারুণ ফর্মে আছে সেরেনা। এ ম্যাচেও দারুণ খেলেছে ও (সেরেনা)। আমি আশা করছি ফাইনালেও ভালো খেলবে সেরেনা।’
সেরেনা সহজ জয়ে ফাইনালের টিকিট পেলেও, কষ্টার্জিত জয়ে সেমিফাইনালের বাধা পেরিয়েছেন ইয়ানকোভিচ। অবাছাই সুইজারল্যান্ডের ভোইগিলিকে হারের তিক্ত স্বাদ দিয়েছেন ইয়ানকোভিচ। প্রথম সেট ৬-৪ গেমে জিতে শুভ সূচনাই করেছেন ইয়ানকোভিচ।
তবে দ্বিতীয় সেটে দারুণভাবে ঘুড়ে দাঁড়ান ভোইগিলি। তবে সেটটি জিততে বেশ ঘাম ঝরাতে হয়েছে ঐ সুইস তারকাকে। টাইব্রেকারে গড়ানো সেটটি ৭-৬ (৮-৬) গেমে জিতে নেন ভোইগিলি। তবে তৃতীয় সেটটি ঠিকই জিতেন ইয়ানকোভিচ। ৬-২ গেমে শেষ সেটটি জিতে ফাইনালে সেরেনার প্রতিপক্ষ হিসেবে নাম লেখান ইয়ানকোভিচ।-বাসস
