ইভানোভিচের গোলে জিতলো চেলসি

আপডেট : ০৮ এপ্রিল ২০১৩, ২১:৩০
তিন গোলের এক ম্যাচে দুটিই আত্মঘাতী গোল। তাই ভাগ্য নির্ধারণী হয়ে দাঁড়ালো ব্রানিস্লেভ ইভানোভিচের গোলটি। আর তার এই গোলেই স্যান্ডারল্যান্ডের বিপক্ষে ২-১ গোলের জয় নিয়ে পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে উঠে এল চেলসি। গোলশূন্য ড্র হয়েছে লিভারপুল ও ওয়েস্টহ্যামের মধ্যকার ম্যাচটি। নিজেদের মাঠ হোয়াইট হার্ট লেনে এভারটনের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে টটেনহ্যাম হটস্পার। ম্যাচটি ছিল নতুন কোচ পাওলো ডি ক্যানিও’র অধীনে স্যান্ডারল্যান্ডের প্রথম ম্যাচ। আর প্রতিপক্ষের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে শুরুটা বেশ ভালই করেছিল সফরকারীরা। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়েও গিয়েছিল তারা। তবে, গোলে তাদের অবদান নেই বললেই চলে। প্রথমার্ধের শেষ মুহূর্তে গোলটি আসে চেলসির স্প্যানিশ ডিফেন্ডার সিজার অ্যাজপিলিকুয়েটা’র কাছ থেকে। তবে, দ্বিতীয়ার্ধেও একই ধরনের এক ভুল করে স্যান্ডারল্যান্ড। ৪৭ মিনিটে চেলসির গোলটিও আসে স্যান্ডারল্যান্ডের ইংলিশ ডিফেন্ডার ম্যাথিউ কিলগ্যালন। নিজেদের মাঠ অ্যানফিল্ডে দুর্বল প্রতিপক্ষ ওয়েস্টহ্যাম ইউনাইটেডের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে লিভারপুল। তবে, এরপরেও ইউরোপা লিগের আশা করছেন অল রেড দলের কোচ ব্রেন্ডন রজার্স। তিনি বলেন, ‘এখন আমাদের লক্ষ্য হচ্ছে স্রেফ যতটুকু উপরে থাকা যায় সেই চেস্টা করা। এই ম্যাচটিতে আমাদের লক্ষ্য ছিল জয়লাভের। কারণ অ্যানফিল্ডে সব সময় আমাদের পারফর্মেন্স অপেক্ষাকৃত ভাল হয়। তাই আমরা এখানে খেলতে পছন্দ করি। এখানে দর্শক সমর্থনও ভাল। সবকিছু মিলিয়ে আমরা এগিয়ে যাওয়ার ব্যাপারে যথেষ্ট আশাবাদী ছিলাম। সামনের দিকে এগিয়ে যাবার জন্য এই ম্যাচ থেকে আমরা তিনটি পয়েন্টই আদায়ের অপেক্ষায় ছিলাম।’ নিজেদের লক্ষ্যের ব্যাপারে কোচ বলেন, ‘আমরা সেটি করতে না পারলেও লক্ষ্য একই আছে। শক্ত অবস্থানে থেকে আত্মবিশ্বাস নিয়ে মৌসুমটি শেষ করা। এখন দেখা যাক লীগে আমরা কোথায় গিয়ে পৌঁছাতে পারি। আশা করছি পরবর্তী মৌসুমটি আমরা আরো বেশী শক্তি নিয়ে শুরু করতে পারব।’ রবিবারের অপর ম্যাচে অল্পের জন্য পরাজয়ের হাত থেকে রক্ষা পেয়েছে টটেনহ্যাম হটস্পার। প্রথম মিনিটে ইমানুয়েল আদেবায়োরের গোলে এগিয়ে যায় টটেনহ্যাম। এর ১৪ মিনিট পর এভারটনকে সমতায় ফেরান ফিল জ্যাগিয়েলকা। প্রথমার্ধে ১-১ গোলে সমতায় থাকার পর ৫৩ মিনিটে কেভিন মিরালাস এগিয়ে দেন সফরকারীদের। পরাজয়ের দ্বারপ্রান্তে দাঁড়ানো টটেনহ্যামকে ম্যাচের শেষ মুহূর্তে গোল উপহার দেন জিলফি সিগার্ডসন। র বি বা রে র ফ ল লিভারপুল ০ - ০ ওয়েস্টহ্যাম ইউনাইটেড টটেনহ্যাম হটস্পার ২ - ২ এভারটন চেলসি ২ - ১ স্যান্ডারল্যান্ড নিউক্যাসল ইউনাইটেড ১ - ০ ফুলহ্যাম কুইন্স পার্ক রেঞ্জার্স ১ - ১ উইগ্যান অ্যাথলেটিক