আবার সেরেনার শিরোপা

আপডেট : ০৮ এপ্রিল ২০১৩, ২১:৩১
ফাইনালে সাবেক বিশ্বসেরা ইয়েলানা জাঙ্কোকোভিচকে হারিয়ে মহিলা এককের বিশ্বসেরা সেরেনা উইলিয়ামস জিতে নিলেন ফ্যামিলি সার্কেল কাপের শিরোপা। গত রবিবারের এই ফাইনালে সেরেনা ৩-৬, ৬-০, ৬-০ গেমে ইয়ানকোভিচকে হারান। একজন বর্তমান বিশ্বসেরা এবং আরেকজন সাবেক। টুর্নামেন্টের শুরু থেকেই দুজনে খেলছেনও দারুণ। তাই কাগজ-কলমের হিসাবে সেরেনা বেশ খানিকটা এগিয়ে থাকলেও শিরোপার লড়াইয়ের শুরুটা একতরফা হয়নি মোটেও। ম্যাচের একপর্যায়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডার ঘটনাও ঘটেছে। সব মিলিয়ে ফাইনালের উত্তেজনা টের পাওয়া যাচ্ছিল বেশ ভালোভাবেই। প্রথম সেটটি ৩-৬ গেমে জিতে নিয়ে ম্যাচে এগিয়ে গিয়েছিলেন ইয়ানকোভিচই। এরপরে দ্বিতীয় সেটেই শুরুতে দুজনের মধ্যে ঘটে উত্তপ্ত বাক্যবিনিময়ের ঘটনাটি। সার্ভিসের সময় ইয়ানকোভিচ খুব বেশি তাড়াহুড়া করছেন বলে প্রস্তুতি নেয়ার সময় পাচ্ছেন না। এমনটা অভিযোগ করেন সেরেনা। এই ক্ষোভেই কিনা পরের ১৪টি গেমের মধ্যে টানা ১২টি গেম জিতে সেরেনা শিরোপা নিজের করে নেন। সবুজ ক্লে সার্ফেসে শিরোপা জেতার পরে সেরেনা বলেন, ‘বছরে আরেকটি শিরোপা জিততে পেরে আমি সত্যিই আনন্দিত। তাছাড়া এই শিরোপাটা ধরে রাখতে পারার আনন্দও কম নয়।’ এই নিয়ে চলতি বছরে তিনটি শিরোপা জিতলেন সেরেনা। আর সব মিলিয়ে এটি তার ক্যারিয়ারের ৪৯তম ডব্লিউটিএ শিরোপা। সেমিফাইনালে বড় বোন ভেনাস উইলিয়ামসকে বিদায় করে দেবার একদিন পরেই সেরেনা তৃতীয়বারের মত এই চার্লসটন শিরোপা ঘরে তুললেন। এই নিয়ে ডব্লিউটিএ ট্যুর এবং ফেড কাপে টানা ২২টি ক্লে কোর্ট ম্যাচ জেতারও কৃতিত্ব দেখালেন তিনি। ২০০৮ সালের পরে গত বছরের শিরোপা মিলিয়ে চার্লসটনেও এটা তার ধারাবাহিক ১৫তম জয়।-বাসস