আনুষ্ঠানিক উদ্বোধন ২০ এপ্রিল

শুরু হল বাংলাদেশ গেমস ফুটবল

আপডেট : ০৮ এপ্রিল ২০১৩, ২১:৩১
অষ্টম বাংলাদেশ গেমস আনুষ্ঠানিকভাবে এখনও শুরু হয়নি। দেশের তাত্ত্বিকভাবে বৃহত্তম এই ক্রীড়া আসর শুরু হবে আগামী ২০ এপ্রিল। তবে আর সব গেমসের মতোই আনুষ্ঠানিকতার আগেই শুরু হয়ে গেছে ফুটবল ইভেন্ট। গত রবিবার শুরু হয়ে গেছে বাংলাদেশ গেমস ফুটবল। এবার বাংলাদেশ গেমস আসলে যাত্রা শুরুই করল অর্থের টানাটানির মধ্যে। গেমসের ফুটবল আয়োজন করতে বিওএর কাছে ৯৩ লাখ টাকার বাজেট চেয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তাতে দেশের সব কয়টি জেলা অংশগ্রহণ করার সুযোগ পেতো। প্রত্যেক দল একাধিক ম্যাচ খেলার সুযোগ পেতো। কিন্তু বাজেট না পাওয়ায় সেটি করতে পারেনি বাফুফে। এখন নক আউট পর্বের নিয়মে এক ম্যাচ খেলেই অংশগ্রহণকারী দলগুলোকে বিদায় নিতে হচ্ছে। আর দলগুলোও দায়সারাভাবে মাঠে নামছে। বাফুফে থেকে জানা গেছে বিওএ থেকে প্রতিশ্রুত ২০ লাখ টাকার মধ্যে ছয় লাখ টাকা পাওয়া গেছে। বর্তমান ফরম্যাটে টুর্নামেন্ট আয়োজন করে ত্রিশ লাখ টাকা গচ্চা দিতে হবে বলে জানা গেছে। তারপরও বাফুফে আশাবাদী, বিওএ থেকে অর্থ আদায় করবে তারা। সর্ভিসেস দলগুলোকে নিয়ে রবিবার বিকেএসপিতে শুরু হওয়া প্রথম ম্যাচে নৌবাহিনী ৩-২ গোলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে হারিয়েছে। ম্যাচের প্রথমার্ধে বিশ্ববিদ্যালয় দল শেখর ও সালমানের গোলে এগিয়ে ছিল। দ্বিতীয়ার্ধে দলের তিন গোল হজম করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। শিখন, বনি এবং মাকিলের গোলে ম্যাচ জিতে নৌবাহিনী। এই গ্রুপে আটটি দল লড়াই করছে। এদের মধ্য থেকে একটি চূড়ান্ত পর্বে উঠবে। শিক্ষা প্রতিষ্ঠান দলগুলোর মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়, বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বিকেএসপি রয়েছে। সেনা, নৌ, বিমানবাহিনী এবং পুলিশ ফুটবল দল খেলবে চূড়ান্ত পর্বে উঠার লড়াইয়ে। জেলাগুলোকে নিয়ে আঞ্চলিক পর্ব এখনও শুরু হয়নি। তবে ১৬ এপ্রিলের মধ্যে জেলাগুলোর খেলা শেষ করার লক্ষ্য বাফুফের। সার্ভিসেস দল থেকে একটি এবং জেলা থেকে সাতটি, মোট আট দল দুই গ্রুপে চূড়ান্ত পর্বে লড়াই শুরু করবে ১৮ এপ্রিল। একদিকে ফুটবল যখন চূড়ান্ত পরিণতির দিকে এগোতে থাকবে, তখন ২০ এপ্রিল বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুৃষ্ঠিত হবে জাকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান। প্রায় ১১ কোটি টাকা বাজেটের অনুষ্ঠান কতোটা মন কাড়তে পারে, সেটা দেখার অপেক্ষা। বাংলাদেশ গেমসে সব মিলিয়ে ৩১টি বিভাগে খেলা হবে। এবার ইভেন্ট সংখ্যা ৩৬৫টি। স্বর্ণপদক ৭০৫ ও রৌপ্য ৭০৫ এবং ব্রোঞ্জ ৮৬৫টি। দুই হাজার ২৬৬টি পদকের জন্য ছয় হাজার ৮৫৫ জন ক্রীড়াবিদ লড়াই করবেন। ২১টি ভেন্যুতে খেলা হবে। ধারাবাহিকভাবে প্রতিদিন খেলা হবে। নয় দিনের গেমসের জন্য বিরাট অংকের বাজেট ব্যয় হবে। তবে কত টাকা ব্যয় হবে সেটা এখনও চূড়ান্ত নয়। ২০ থেকে ২২ কোটি টাকা ব্যয় হতে পারে বলে জানা গেছে।