চলে গেলেন হাজী কাশেম

আপডেট : ০৮ এপ্রিল ২০১৩, ২১:৩২
চলে গেলেন ষাট ও সত্তর দশকের ফুটবলার হাজী কাশেম। জাতীয় দলের এ গোলরক্ষক রবিবার সন্ধ্যা সাড়ে সাতটায় ঢাকার শমরিতা হাসপাতালে ৭০ বছর বয়সে হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজেউন)। তিনি সোনালী অতীত ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি পূর্ব পাকিস্তান দলের গোলরক্ষক ছিলেন। এক সময় ঢাকা আবাহনী, দিলকুশা, ওয়ান্ডারার্স, বিজেএমসি, ভিক্টোরিয়া, ইস্ট এন্ড ক্লাব, নারায়ণগঞ্জ জেলা দলের গোলপোস্ট আগলে রাখতেন এ ফুটবলার। মরহুমের নামাজে জানাজা বাদ যোহর নারায়ণগঞ্জ জিমখানা মাঠে অনুষ্ঠিত হয়। মরহুমকে নারায়ণগঞ্জ গাবতলী গোরস্থানে দাফন করা হবে। হাজী কাশেমের মৃত্যুতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কর্মকর্তারা গভীর শোক প্রকাশ করেছেন। বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি, সোনালী অতীত ক্লাব এবং বিভিন্ন ক্রীড়া ফেডারেশন থেকে শোকবার্তা দেয়া হয়েছে।