আইপিএল

সুপার ওভারে হায়দ্রাবাদের জয়

আপডেট : ০৮ এপ্রিল ২০১৩, ২১:৩২
টানটান উত্তেজনার এক ম্যাচে রয়েল চালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) টানা দ্বিতীয় জয় তুলে নিল সানরাইজার্স হায়দ্রাবাদ। গত রবিবার দিনের দ্বিতীয় ম্যাচে রাজীব গান্ধি স্টেডিয়ামে স্বাগতিকরা সুপার ওভারে বেঙ্গালুরুকে ৫ রানে পরাজিত করে। এর আগে দিনের প্রথম ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাব আট উইকেটে পরাজিত করে পুনে ওয়ারিয়র্সকে। বেঙ্গালুরুর দুর্দান্ত ব্যাটিং লাইনআপকে মাত্র ১৩০ রানে বেধে দেয়ার পরে ব্যাট হাতে শুরুটা ভাল হয়নি হায়দ্রাবাদেরও। মাত্র ২ রানেই ওপেনার পার্থিব প্যাটেলকে হারায় তারা। এরপরই ব্যক্তিগত পাঁচ রানে বিদায় নেন ক্যামেরন হোয়াইটও। তখনো বোঝা যায়নি এই হোয়াইটই ম্যাচ শেষে হতে যাচ্ছেন জয়ের নায়ক। বিনয় কুমারের করা শেষ ওভারে জয়ের জন্য হায়দ্রাবাদের দরকার ছিল মাত্র সাত রান। তবে পুরোপুরি আগের ম্যাচের পুনরাবৃত্তি করতে না পারলেও কুমার ঐ ওভারে ব্যয় করেন মাত্র ছয় রান। ফলে এবারের আসরে প্রথমবারের মতো সুপার ওভার দেখার সুযোগ পান হায়দ্রাবাদের দর্শকরা। সফরকারি অধিনায়ক বিরাট কোহলি একটু আগেই দারুণ ঠান্ডা মাথার পরিচয় দেয়া কুমারের হাতেই তুলে দেন বল। ব্যাট হাতে নামা হোয়াইটের দুটি বিশাল ছয়ের কল্যাণে সুপার ওভারে তুলে নেয় ২০ রান। আর স্টেইন তার ছয় বলে ১৫ রান দিলে পাঁচ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা। এর আগে ইশান্ত শর্মা, অমিত মিশ্রদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে বেঙ্গালুরু ১৩০ রানে ইনিংস শেষ করতে বাধ্য হয়। নিজের একমাত্র ওভারে পার্টটাইম স্পিনার বিহারি মাত্র একরানেই ফিরিয়ে দেন বিপজ্জনক ক্রিস গেইলকে। ইশান্ত ২৭ রানে তিনটি উইকেট দখল করেন। এর আগে দিনের প্রথম ম্যাচে বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে পুনেকে মাত্র ৯৯ রানে গুটিয়ে দেয় সফরকারি পাঞ্জাব। ছোট লক্ষ্যের তাড়ায় নেমে পাঞ্জাবকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার অ্যাডাম গিলক্রিস্ট এবং মানদিপ সিং। এই দু’জন ফিরে যাওয়ার পরে সাতটি চারে সাজানো ম্যাচ সেরা মানান ভোহরার ৪৩ রানের ইনিংসটি পাঞ্জাবকে জয়ের বন্দরে পৌঁছে দেয়। ফিরতি ম্যাচে আজই আবার মুখোমুখি হচ্ছে বেঙ্গালুরু-হায়দ্রাবাদ। তবে এবার স্বাগতিক হওয়ার সুযোগ নিতে যাচ্ছে বেঙ্গালুরু। আর দিনের দ্বিতীয় ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের প্রতিপক্ষ দিল্লি ডেয়ারডেভিলস।