অনলাইন স্টোরেজে নতুন সংযোজন ‘কপি.কম’

আপডেট : ০৯ এপ্রিল ২০১৩, ২০:৩১
ইন্টারনেট এখন বিশ্বজুড়ে নিত্যব্যবহার্য এক প্রযুক্তির নাম। ইন্টারনেট ছাড়া একটি দিনও কল্পনা করা যায় না। ইন্টারনেটের নানা ধরনের সেবায় গত কয়েক বছরে যে সেবাটি দ্রুত জনপ্রিয় হয়ে উঠতে শুরু করেছে, তার নাম ক্লাউড স্টোরেজ বা অনলাইন স্টোরেজ। ইতোমধ্যেই বিশ্বের বড় বড় সব প্রযুক্তি প্রতিষ্ঠান তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের নামে ক্লাউড বা অনলাইন স্টোরেজ সার্ভিস চালু করেছে। বিশেষ করে গত বছর দুয়েক সময়ের মধ্যে ক্লাউড সার্ভিস যেন অর্জন করেছে এক ভিন্ন মাত্রার জনপ্রিয়তা। এর শুরুটা ড্রপবক্সের মাধ্যমে। তবে গুগল’র গুগল ড্রাইভ, মাইক্রোসফটের স্কাই ড্রাইভ, অ্যামাজনের ক্লাউড ড্রাইভ, অ্যাপল’র আইড্রাইভ প্রভৃতি সার্ভিস ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে সাড়া ফেলেছে। এদের প্রায় প্রতিটি সার্ভিসেই রয়েছে ৫ গিগাবাইট করে অনলাইন স্টোরেজ। পাশাপাশি অনলাইন স্টোরেজগুলো থেকেই ফাইল শেয়ার করার সুবিধা এসব সার্ভিসের গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে। অনলাইন স্টোরেজে বড় বড় এসব জায়ান্টের সাথে পাল্লা দিতে এবারে চালু হয়েছে আরেক অনলাইন স্টোরেজ সার্ভিস কপি ডটকম। যাদের জন্য কপি ডটকম কপি ডটকমের স্লোগান হিসেবে ব্যবহার করা হয়েছে ‘আ ক্লাউড ফর পিপল, ফ্রেন্ডস অ্যান্ড কোম্পানি’। অর্থাত্, সব ধরনের মানুষের জন্য উপযোগী করেই চালু করা হয়েছে এই সার্ভিস। অন্যান্য সার্ভিসের মতোই এতে রয়েছে ৫ গিগাবাইট ফ্রি স্টোরেজ। কেবল নাম আর ইমেইল ঠিকানা ব্যবহার করেই এতে নিজস্ব অ্যাকাউন্টটি তৈরি করে ফেলা যায়। এর জন্য বাড়তি কোনো তথ্যের প্রয়োজন নেই। আর অ্যাকাউন্ট তৈরির পর টুইটারে কপি ডটকমের রেফারেন্স দিয়ে একটি টুইট করলেই মিলবে বাড়তি দুই গিগাবাইট ফ্রি স্টোরেজ। অর্থাত্ টুইটারে আপনার অ্যাকাউন্ট থাকলে কপি ডটকমে ফ্রি অনলাইন স্টোরেজ পাওয়া যাবে ৭ গিগাবাইট। ফাইল জমা রাখা পেনড্রাইভের ব্যবহার আমরা সবাই করে থাকি। ফাইল আদান-প্রদানে পেনড্রাইভের বিকল্প খুঁজে পাওয়া ভার। তবে ইন্টারনেট থাকলে ছোট ছোট আকারের ফাইল বহন করার জন্য অনলাইন স্টোরেজ হতে পারে সুরক্ষিত একটি মাধ্যম। অনেক সময়ে পেনড্রাইভও নষ্ট হয়ে যেতে পারে। অনেক সময় পেনড্রাইভ ভাইরাসের আক্রমণে তথ্য হারিয়ে ফেলতে পারে। তবে ইন্টারনেট সংযোগ থাকলে তথ্যের সুরক্ষা নিয়ে কোনো চিন্তা করতে হবে না অনলাইন স্টোরেজ ব্যবহার করলে। কপি ডটকম-ও তেমনি আপনার ডিজিটাল তথ্যের নিরাপত্তা দিতে সক্ষম। ফাইল জমা রাখতে আপনার পিসির যেকোনো ফাইল বা ফোল্ডারকে সরাসরি ড্র্যাগ-অ্যান্ড-ড্রপের মাধ্যমেই জমা রাখতে পারবেন কপি ডটকমে। সিনক্রোনাইজেশন ও ডেস্কটপ অ্যাপ্লিকেশন কপি ডটকমের রয়েছে ডেস্কটপ অ্যাপ্লিকেশন। সাইটে গিয়ে ইন্সটল অ্যাপ বাটনে ক্লিক করলেই আপনার অপারেটিং সিস্টেমের উপযোগী অ্যাপ্লিকেশনটি ইন্সটল হয়ে যাবে। উইন্ডোজ, ম্যাক এবং লিনাক্সের সবগুলো সংস্করণই সমর্থন করে এটি। ইন্সটল হয়ে গেলে পিসিতে ‘কপি’ নামে একটি ফোল্ডার তৈরি হবে। এই ফোল্ডারে কোনো ফাইল রাখলেই সেটি ইন্টারনেট সংযোগ থাকলে আপলোড হয়ে যাবে স্বয়ংক্রিয়ভাবে। আবার ব্রাউজারে কোনো কিছু আপলোড করলেও সেটি সিনক্রোনাইজ হয়ে যাবে ওই কপি ফোল্ডারে। মোবাইল প্ল্যাটফর্মে কপি পিসির পাশাপাশি মোবাইল প্ল্যাটফর্মের জন্যও রয়েছে কপি ডটকমের অ্যাপ্লিকেশন। অ্যান্ড্রয়েড এবং আইওএস-এর জন্য রয়েছে এই অ্যাপ্লিকেশন। ফলে মোবাইল ডিভাইসেও সমান সুবিধা পাওয়া যাবে কপিতে। আবার সবগুলো প্ল্যাটফর্মেই কপি ডটকমে রাখা সব ধরনের ফাইল সিনক্রোনাইজেশনের সুবিধা রয়েছে। ফলে যেকোনো ডিভাইস থেকে যেকোনো ফাইল আপলোড করে সেটি আবার যেকোনো ডিভাইস থেকেই ডাউনলোড করে নেওয়া যাবে। শেয়ারিং ও অ্যাটাচমেন্ট কপি ডটকমের আরেকটি সুবিধা হচ্ছে ফাইল শেয়ার করা। কপি ডটকমে সংরক্ষিত যেকোনো ফাইলকেই শেয়ার করা যাবে অনলাইনের যেকোনো প্ল্যাটফর্মে। আপনাকেও যেকেউ কপিতে শেয়ার করতে পারবে ফাইল। আবার আপনিও শেয়ার করতে পারবেন তা। আপনার সাথে শেয়ার করা ফাইল কপিতে সংরক্ষণ করে নিতেও পারবেন। আবার কপি ডটকমের আরেকটি সুবিধা হচ্ছে এখান থেকেই যেকোনো ফাইলকে ইমেইলের অ্যাটাচমেন্ট হিসেবে যুক্ত করতে পারবেন। ইমেইলে সাধারণত ফাইল অ্যাটাচ করার ক্ষেত্রে সাইজের সীমাবদ্ধতা থাকে। কপি ডটকম ব্যবহার করে সেই সীমাবদ্ধতাকে অতিক্রম করা যাবে। যেকোনো আকারের ফাইলই কপি ডটকম থেকে অ্যাটাচমেন্টে যুক্ত করা যাবে ইমেইল ঠিকানায়। রয়েছে বাড়তি স্টোরেজ বিনামূল্যে ৫ থেকে ৭ গিগাবাইট পর্যন্ত অনলাইন স্টোরেজ কপি ডটকমে ব্যবহার করা গেলেও চাইলে অর্থের বিনিময়ে এর চাইতেও বেশি স্টোরেজ পাওয়া যাবে। প্রো ২৫০ প্যাকেজে রয়েছে মাসে ১০ ডলার কিংবা বছরে ১০০ ডলারের বিনিময়ে ২৫০ গিগাবাইট স্টোরেজ ব্যবহারের সুবিধা। আবার প্রো ৫০০ প্যাকেজে রয়েছে মাসে ১৫ ডলার কিংবা বছরে ১৫০ ডলারের বিনিময়ে ৫০০ গিগাবাইট স্টোরেজ ব্যবহারের সুবিধা। বিভিন্ন কোম্পানির জন্য ১০০, ২৫০ কিংবা ৫০০ গিগাবাইটের আরও স্টোরেজ প্যাকেজও রয়েছে। তাদের জন্য রয়েছে কিছু ফিচারও।