দামেস্কে বিস্ফোরণ ও হামলায় ৩০ জন নিহত

আপডেট : ০৯ এপ্রিল ২০১৩, ২০:৩১
সিরিয়ার রাজধানী দামেস্কের কেন্দ্রস্থলে কেন্দ্রীয় ব্যাংক এবং একটি স্কুলের কাছে ব্যস্ত আবাসিক ও বাণিজ্য এলাকায় সোমবার গাড়িবোমা বিস্ফোরণ হয়েছে। এতে আশেপাশের কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হওয়াসহ কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়। সিরিয়ার রাজধানী দামেস্কে আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণে সোমবার অন্তত ১৫ জন নিহত এবং ৪৭ জন আহত হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় টিভি। দামেস্কের এক অধিবাসী বিস্ফোরণটিকে বড় ধরনের উল্লেখ করে বিস্ফোরণস্থল থেকে ঘন কালো ধোঁয়া বেরোতে দেখার কথা জানিয়েছেন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের। রাষ্ট্রীয় টিভি জানায়, সাবা বাহরাত চত্বর এবং সাহাবান্দর রাস্তার মাঝামাঝি স্থানে একটি স্কুলের কাছে এ গাড়িবোমা বিস্ফোরণ ঘটে। ওই এলাকায় কেন্দ্রীয় ব্যাংক, অর্থমন্ত্রণালয়ও অবস্থিত এবং এলাকাটি শহরের প্রধান ব্যবসায়িক কেন্দ্রও। বিস্ফোরণে আশেপাশের ভবনের জানালার কাঁচ উড়ে যায় এবং কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়। রাষ্ট্রীয় আল-ইখবারিয়া টিভি বলেছে, স্কুলের কাছে বিস্ফোরণ ঘটায় হতাহতদের মধ্যে শিশু থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে বৈরুত থেকে এএফপি’র খবরে বলা হয়, সিরিয়ার রাজধানী দামেস্ক পূর্বাঞ্চলীয় দু’টি শহর ও এর আশপাশে রোববার ব্যাপক গোলাবর্ষণে কমপক্ষে ১৫ জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছে। এদের মধ্যে তিনজন নারী ও একটি শিশু রয়েছে। এদিকে সিরিয়ার রাজধানীর উপকণ্ঠে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় ট্যাংক হামলা চালানো হয়েছে। পর্যবেক্ষক গ্রুপ একথা জানায়। সিরিয়ার সরকারি বাহিনী জানায়, তারা দামেস্কের পূর্বাঞ্চলে বিদ্রোহীদের ঘেরাও করে রেখেছে। তবে মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষক সংস্থা জানায়, ওই এলাকায় প্রচণ্ড যুদ্ধ ও গোলাবর্ষণ চলছে। পর্যবেক্ষক গ্রুপ জানায়, প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত বাহিনী সিরিয়ার উত্তরাঞ্চলের দিকেও অগ্রসর হয়ে আলেচো নগরীর কাছে অবস্থিত একটি গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছে। গ্রামটি কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পর্যবেক্ষক সংস্থা জানায়, জিসরীন, কাফর শহর ও পার্শ্ববর্তী এলাকায় ব্যাপক গোলাবর্ষণে ১৫ জন নিহত হয়েছে। এদের মধ্যে তিনজন নারী ও একটি শিশু রয়েছে। ব্রিটেন ভিত্তিক এ গ্রুপ জানায়, দামেস্কের পূর্বে নাশাবিয়াহ এলাকায় যুদ্ধে অপর ছয় বিদ্রোহী যোদ্ধা নিহত হয়েছে।